এথেন্স, নভেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গ্রিসের প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রু দায়িত্ব গ্রহণের মাত্র দু'বছর পর হঠাৎ করেই ক্ষমতা থেকে ছিটকে পড়ার মুখোমুখি হয়েছেন।
ইউরোজোনের বেইলআউট প্যাকেজ নিয়ে অনিশ্চয়তায় গ্রিসে ঋণ সঙ্কট বাড়তে থাকায় পাপান্দ্রুকে পদত্যাগ করে জোট সরকার গঠনের পথ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন তারই দলের শীর্ষ নেতারা।
গ্রিসের অর্থমন্ত্রীসহ ৪ মন্ত্রী ইইউ বেইলআউট চুক্তি নিয়ে পাপান্দ্রুর গণভোট পরিকল্পনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন।
এ পরিস্থিতিতে পাপান্দ্রু পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বলে এর আগে জানায় বিবিসি। কিন্তু গ্রিসের রাষ্ট্রীয় টেলিভিশন বলেছে, পাপান্দ্রু মন্ত্রিসভার বৈঠকে পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন।
ওদিকে, বিরোধী দল নিউ ডেমোক্রেসি পার্টি বলেছে, প্রধানমন্ত্রী পদত্যাগে রাজি হলে তারা জোট সরকারে অংশ নিতে আগ্রহী। ইইউ ঋণচুক্তি বাঁচাতে তারা তত্ত্বাবধায়ক সরকার গড়ার প্রস্তাব দিয়েছে।
এথেন্স থেকে বিবিসি সংবাদদাতা বলছেন, ফলাফল যাই হোক না কেনো গ্রিসের পরিস্থিতি এখন গভীর রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে।
পতনের দ্বারপ্রান্তে পৌঁছেছে গ্রিক সরকার। ইইউ বেইলআউট প্যাকেজের ওপর গণভোট পরিকল্পনায় নিজ দলে বিরোধিতা বাড়তে থাকায় আস্থা ভোটে পরাজয়ের দিকেই এগুচ্ছেন প্রধানমন্ত্রী জর্জ পাপা›দ্রু।
"আজ (বৃহস্পতিবার) রাত পর্যন্ত সরকার টিকবে বলে আমি মনে করি না," এমনই মন্তব্য করেছেন জনমত যাচাইকারী প্রতিষ্ঠান এমলসিও এর মহাপরিচালক কোস্টাস পানাগোপৌলাস ।
বুধবার পাপা›দ্রুর গণভোট পরিকল্পনায় মন্ত্রিসভা সমর্থন দিলেও পরে জার্মানি এবং ফ্রান্সের কাছ থেকে কড়া হুঁশিয়ারির পর এখন অনেকেই গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
জার্মান ও ফরাসি কর্মকর্তারা স্পষ্ট করেই বলে দিয়েছে, গণভোট ব্যর্থ হলে গ্রিসকে ইউরো জোন থেকে বের করে দেওয়া হবে।
এর পরপরই পাপান্দ্রুর বিরুদ্ধে ঘুরে দাঁড়ান অর্থমন্ত্রী এভাঙ্গেলোস ভেনিজেলোস। ক্ষমতাসীন দলের আইনপ্রণেতা নিকোস সালায়ানিসও রাষ্ট্রীয় বেতারে বলেছেন, "গণভোটের মৃত্যু হয়েছে।"
শুক্রবার পার্লামেন্টে অনুষ্ঠেয় আস্থা ভোটে সরকারকে সমর্থন করবেন না বলে জানিয়ে দিয়েছেন স্যোশালিস্ট পার্টি পাসোক এর আরেক আইনপ্রণেতা। সরকারের আরো কয়েকজন মন্ত্রীও গণভোটের পরিকল্পনার সমালোচনা করেছেন।
একের পর এক বিরোধিতার মুখে আস্থা ভোটের আগে সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছেন পাপান্দ্রু। শেষমেষ সবাই তার বিপক্ষে চলে গেলে মধ্যবর্তী নির্বাচন দিতে হতে পারে।
ক্ষমতাসীন দল পাসোক পার্টিতে বৃহস্পতিবার একেক জনের একেক দাবিতে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দলের এমপিদের কেউ জাতীয় ঐক্য সরকার চাইছেন, আবার কেউ কেউ পাপান্দ্রুর পদত্যাগ চাইছেন।
তবে পাপান্দ্রু গণভোট সফল হওয়ার ব্যাপারে এখনো আশাবদী। গণভোট হলে তা হতে পারে ৪ ডিসেম্বরে।
কিন্তু তার আগে শুক্রবার পাপান্দ্রুকে তার রাজনৈতিক ভাগ্য নির্ধারণে আস্থা ভোটের মোকাবেলা করতে হবে। এ সম্পর্কে তিনি বলেন, "এটি আমাদের প্রথম লড়াই।"
গ্রিসের ঋণসঙ্কট কাটাতে গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের একক মুদ্রা ইউরোজোনের নেতারা দেশটিকে ২য় দফায় ১৩০ বিলিয়ন ইউরো বেইলআউট প্যাকেজ মঞ্জুর করতে রাজি হয়।
তবে এ তহবিল নেওয়ার জন্য গ্রিসকে নতুন করে কঠোর ব্যয়সঙ্কোচন পদক্ষেপ নিতে হবে। গ্রিসে এর আগে সরকারের কয়েক দফা ব্যয়সঙ্কোচন পদক্ষেপে ক্ষুব্ধ হয়ে আছে জনগণ।
সেকারণেই এবার ২য় বারের মতো ব্যয়সঙ্কোচনের শর্তে অর্থনীতি পুনরুদ্ধার তহবিল তথা বেইলআউট প্যাকেজ নেওয়ার আগে পাপান্দ্রু এতে জনসমর্থন লাভের জন্য গণভোটের পরিকল্পনা জানান।
কিন্তু এরপর মঙ্গলবার নিজ দলেই বিরোধিতার শিকার হয়ে পদত্যাগের চাপে পড়েন পাপান্দ্রু।
গণভোটের পদক্ষেপে ইইউ এর কাছ থেকে বেইলআউট প্যাকেজ প্রাপ্তি গ্রিসের জন্য দুস্কর হওয়া এবং ইউরোজোন নতুন করে সঙ্কটে পড়ার আশঙ্কার কারণে পাপান্দ্রুর দলের উর্ধ্বতন সদস্যরাই তাকে পদত্যাগের আহ্বান জানায় এবং আগাম নির্বাচন দাবি করে।।
কিন্তু পাপান্দ্রু যুক্তি দেখিয়ে বলেন, গণভোট না করে মধ্যবর্তী নির্বাচনের বিকল্প পথে গেলে গ্রিস ঋণখেলাপি হওয়ার ঝুঁকিতে পড়বে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭৫৯ঘ.
bdnews24