অকল্যান্ড (ক্যালিফোর্নিয়া), নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- 'ওয়াল স্ট্রিট দখল করো' আন্দোলনের অনুসারীদের বিক্ষোভের মুখে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অকল্যান্ড সমুদ্র বন্দরের কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
অর্থনৈতিক বৈষ্যম্যের বিরুদ্ধে এবং বিক্ষোভকারীদের সাথে পুলিশের নির্মম আচরণের প্রতিবাদে বুধবার 'অকল্যান্ড দখল করো' স্লোগান দিয়ে কয়েক হাজার প্রতিবাদকারী মিছিল নিয়ে বন্দরটি অবরোধ করলে নিরাপত্তার অভাবে বন্দরের কার্যক্রম বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষও হয়েছে বলে জানানো হয়েছে বিবিসি'র খবরে। বিক্ষোভকারীদের জ্বালাও-পোড়াও এবং পাথর নিক্ষেপের মুখে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ।
যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরেও বিক্ষোভ হয়েছে। ধর্মঘটের আহ্বানে এসব জায়গায় সাড়া দিয়েছে শহরের শিক্ষকরাসহ শ শ কর্মী।
গত সপ্তাহে উত্তর ক্যালিফোর্নিয়ার এ শহরটিতে পুলিশের সাথে ওয়াল স্ট্রিট বিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষে এক সাবেক মার্কিন মেরিন সেনা মারাত্মক আহত হলে বিক্ষোভে অচল হয়ে পড়ে অকল্যান্ড।
বুধবার সন্ধ্যায় অকল্যান্ড বন্দরের এক কর্মকর্তা জানান, হাজার হাজার বিক্ষোভকারী বন্দরের কার্যক্রম বন্ধ করে দেয়। গুরুত্বপূর্ণ এ বন্দর দিয়ে বার্ষিক ৩ হাজার ৯শ' কোটি ডলারের পণ্য আমদানী-রপ্তানী হয়।
লিখিত এক বিবৃতিতে বন্দর কর্তৃপক্ষ জানায়, বন্দর এলাকার পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ না হওয়া পর্যন্ত বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে।
বন্দরের মুখপাত্র আইজ্যাক কস রিড বলেছেন, সবকিছু সত্বেও বন্দরের কিছু কার্যক্রম সচল থাকবে, তবে দিনের তুলনায় রাতে স্বাভাবিকভাবেই এসব কার্যক্রমের গতি কমে যাবে।
এরআগে, বিক্ষোভকারীরা বন্দর সংলগ্ন একটি সড়কের ওভার ব্রিজ পার হয়ে বন্দরের গেটে জমায়েত হয়। তারা বন্দর থেকে বের হওয়া পণ্যবাহী ট্রাক ও ট্রেইলরের গতিরোধ করে রাস্তার মাঝখানে আটক করে রাখে।
অন্য বিক্ষোভকারীরা রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকা মালবাহী বগির ওপর উঠে উচ্চস্বরে গান বাজাতে থাকে।
যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থায় বহুজাতিক (কর্পোরেট) ও উচ্চবিত্তরাই শুধু লাভবান হচ্ছে, এ অভিযোগ জানাচ্ছে ওয়াল স্ট্রিট বিরোধী আন্দোলনকরারীরা। যুক্তরাষ্ট্রের বাণিজ্য ব্যবস্থাকে বিপর্যস্ত করতে আন্দোলনের লক্ষ্য হিসেবে তারা ব্যাংকসহ 'কর্পোরেট আমেরিকার' প্রতীক অন্যান্য প্রতিষ্ঠানকে চিহ্নিত করে কার্যক্রম চালাচ্ছে।
আন্দোলনকারীদের ডাকা সাধারণ ধর্মঘটের কারণে অকল্যান্ডে বেশিরভাগ ক্ষুদ্র ব্যবসায়ী বুধবার তাদের প্রতিষ্ঠান বন্ধ রাখে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৫১ ঘ.
bdnews24