২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিম তীরে আরো ২ হাজার বাড়ি বানাবে ইসরায়েল

জর্ডান নদীর পশ্চিম তীর ও জেরুজালেমে ইহুদি বসতি সম্প্রসারণ দ্রুততর করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। এ লক্ষ্যে প্রায় ২ হাজার নতুন বাড়ি নির্মাণ করবে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2011, 04:58 AM

Updated : 24 Aug 2022, 04:42 PM

জেরুজালেম, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জর্ডান নদীর পশ্চিম তীর ও জেরুজালেমে ইহুদি বসতি সম্প্রসারণ দ্রুততর করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। এ লক্ষ্যে প্রায় ২ হাজার নতুন বাড়ি নির্মাণ করবে তারা। এই সিদ্ধান্তের ফলে ইসরায়েল-ফিলিস্তিনের শান্তি আলোচনা পুনরায় শুরু করার ব্যাপারে আন্তর্জাতিক উদ্যোগের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো ফিলিস্তিনকে সদস্যপদ দেওয়ার একদিন পর মঙ্গলবার এ ঘোষণা দেয় ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্ত্রিসভার সঙ্গে বৈঠকের পর আনুষ্ঠানিক এক বিবৃতিতে দ্রুততম সময়ে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে আরো প্রায় ২ হাজার বসতি নির্মাণের ঘোষণা দেন। ইসরায়েলের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ফিলিস্তিনের প্রেসিডেন্টর পক্ষ থেকে জানানো হয়, দ্রুত বসতি নির্মাণের এই সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়াকেও দ্রুতই ধ্বংস করবে। ইসরায়েলের বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে এক বছর আগে ফিলিস্তিন শান্তি আলোচনা থেকে সরে দাঁড়ায়। এরপর ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পাওয়ার জন্য জোর চেষ্টা চালান। চলতি বছরের সেপ্টেম্বরে ফিলিস্তিনের পক্ষে আবেদন করেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ফিলিস্তিনের এই দাবির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ফলে এখনো পর্যন্ত আলোর মুখ দেখে নি। জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পাওয়ার অনিশ্চয়তার মধ্যে ইউনেস্কোর সদস্যপদ পাওয়ার চেষ্টা চালায় ফিলিস্তিন এবং তা অর্জনও করে ফেলেছে মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রটি। ইউনেস্কো ফিলিস্তিনকে সদস্যপদ দেওয়ার আগেই যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি জানিয়েছিল, এ ধরনের কোনো ঘটনায় সংস্থাটিতে অর্থায়ন বন্ধ করে দেবে তারা। কিন্তু মার্কিন হুঁশিয়ারি উপেক্ষা করে ইউনেস্কোর সদস্যপদ অর্জন করে ফিলিস্তিন। ফলশ্র"তিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক ঘোষণায় ইউনেস্কোর তহবিলে অর্থায়ন বন্ধ করে দেয়। মধ্যপ্রাচ্য শান্তি আলোচনার সমন্বয়কারী চারপক্ষ যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ স্থগিত হয়ে যাওয়া প্রক্রিয়া আবারো শুরু করা চেষ্টা চালাচ্ছে। গত সপ্তায় ওই চারপক্ষ জানিয়েছিল, ইসরায়েল ও ফিলিস্তিন উভয়পক্ষই ভূমি ও নিরাপত্তা এই দুই গুরুত্বপূর্ণ বিষয় নিষ্পত্তির জন্য প্রস্তাবনা উপস্থানের ব্যাপারে সম্মত হয়েছে। পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর ও গাজা উপত্যকা নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে ফিলিস্তিন। ১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধের মধ্যদিয়ে ওই অঞ্চলগুলো দখল করে নিয়েছিল ইসরায়েল। পরবর্তী সময়ে পূর্ব জেরুজালেমকে নিজেদের অংশ বলে দাবি করে বসে ইসরায়েল যা আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি পায় নি। ২০০৫ সালে ইসরায়েল গাজা উপত্যকা ছেড়ে আসে। ২০০৭ সালে গাজার নেতৃত্ব নিয়ে নেয় পশ্চিমা সমর্থনপুষ্ট ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের প্রধান প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী হামাস। সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কোনো পূর্বশর্ত ছাড়া পুনরায় শান্তি আলোচনা শুরুর আহ্বান জানান। কিন্তু ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জানিয়ে দিয়েছেন, ইসরায়েল বসতি স্থাপন সম্পূর্ণরূপে বন্ধ করলেই কেবল শান্তি আলোচনা শুরু করা সম্ভব। কিন্তু মঙ্গলবার নেতানিয়াহুর নতুন বসতি স্থাপনের ঘোষণার ফলে অচিরেই ফিলিস্তিনের সাথে শান্তি আলোচনা আদৌ শুরু হবে কি না এ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৪০ ঘ.