ব্যাংকক, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñ থাইল্যান্ডের বন্যাকবলিত রাজধানী ব্যাংককে জনরোষ বাড়ছে। উত্তেজনা দেখা দিচ্ছে বন্যার পানিতে ইতোমধ্যেই তলিয়ে যাওয়া শহরতলীগুলোতে।
পানি সরে যাওয়ার জন্য বাঁধ খুলে দেওয়ার দাবি জানাচ্ছে ওইসব এলাকার অধিবাসীরা। উত্তরপূর্বাঞ্চলের একটি এলাকায় জনতার দাবির মুখে কর্মকর্তারা একটি স্লুইস গেট খুলে দিতে বাধ্য হয়েছে।
গেট খুলে দেওয়া নিয়ে সোমবার পুলিশের সঙ্গে জনতার ধস্বাধস্তির পর প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা গেটটি খোলার নির্দেশ দেন।
তবে স্লুইস গেট খুলে দেওয়ার কারণে বন্যার পানি একটি খালের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে শহরের বিশাল অংশ প্লাবিত করতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
থাইল্যান্ড গত ৫০ বছরের মধ্যে ভয়াবহ বন্যার কবলে পড়েছে। এতে মধ্য জুলাই থেকে এ পর্যন্ত ৩শ' ৭৩ জনের প্রাণহানি হয়েছে এবং প্রায় ২৫ লাখ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বন্যা কবলিতদের বেশিরভাগই থাইল্যান্ডের উত্তর ও মধ্যাঞ্চলের বাসিন্দা।
সরকার ব্যাংককের কেন্দ্রস্থলকে বন্যার পানি বেড়ে যাওয়া থেকে রক্ষা করতে পেরেছে বলে দাবি করলেও রাজধানীর অন্যান্য জায়গায় এখনো ঢুকছে পানি। এ পরিস্থিতিতে বন্যাদুর্গতদের ক্ষোভ সামলাতে হিমশিম খাচ্ছে সরকার।
জনদাবির মুখে স্লুইস গেট খুলে দেওয়া সম্পর্কে ব্যাংককের মেট্রোপলিটন কর্তৃপক্ষের (বিএমএ) মুখপাত্র বলেন, " আমরা এর পক্ষে নই। কিন্তু সরকার বিএমএ কে গেট খোলার নির্দেশ দিয়েছে। ফলে আরো পানি আসবে।"
বন্যার পানি এলে স্থানীয় এলাকার ব্যাং চান ইন্ডাস্ট্রিয়াল এস্টেট প্লাবিত হবে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬১৮ঘ.
bdnews24