মোগাদিসু, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- সোমালিয়ার দক্ষিণাঞ্চলে আল শাবাব জঙ্গিদের ওপর কেনিয়ার জঙ্গি বিমান হামলায় হতাহতদের মধ্যে বেসামরিক নাগরিক রয়েছে। এদের বেশির ভাগই নারী ও শিশু।
সোমালিয়ায় খরার কারণে বাস্তুহারা হওয়া লোকজনের শিবিরে (আইডিপি) রোববার কেনিয়ার বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়, আহত হয় ৪৫ জন।
নিহতদের ৫ জনই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে ত্রাণসংস্থা মেডেসিনস স্যানস ফ্রন্টিয়ারেস (এমএসএফ)।
কেনিয়ার সামরিক মুখপাত্র রোববার সোমালিয়ার দক্ষিণাঞ্চলীয় জিলিব শহরে জঙ্গি বিমান হামলা চালানোর কথা নিশ্চিত করেছেন।
তবে এ হামলায় তিনি কোনো বেসামরিক নাগরিক নিহত হওয়ার কথা অম্বীকার করেন। বেসামরিক নাগরিক নিহতের বিষয়টি আল শাবাবের প্রচারণা বলে উড়িয়ে দেন তিনি।
সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রীও আইডিপি ক্যাম্পে বিমান হামলা হওয়ার কথা অস্বীকার করেছেন।
তবে সোমালিয়ায় এমএসএফ এর মিশন প্রধান গৌতম চ্যাটার্জি কেনিয়ার হামলায় ৫ বেসামরিক নাগরিক নিহত এবং ৪৫ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমাদের মারারে হাসপাতালে আমরা আহত ৩১ টি শিশু, ৯ নারী এবং ৫ জন পুরুষকে পেয়েছি। তারা প্রত্যেকেই শার্পনেলের আঘাতে আহত হয়েছে।
আল শাবাব বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান অভিযানে কেনিয়া জিলিবে বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে শহরটির অধিবাসী ও কর্মকর্তারাও।
সীমান্ত এলাকা থেকে বিদেশি নাগরিক অপহরণের ঘটনায় আল শাবাব বিদ্রোহীরা জড়িত সন্দেহে সোমালিয়ায় তাদের বিরুদ্ধে সেনা পাঠিয়ে অভিযানে নামে কেনিয়া।
রোববার সোমালিয়ার কিসমাউ বন্দরের ১২০ কিলোমিটার উত্তরে জিলিব শহরের স্থানীয় অধিবাসী মোহামুদ আলি হারবি প্রাথমিক খবরে বলেন, কেনিয়ার জঙ্গি বিমান শহরটিতে গৃহহীনদের আশ্রয় শিবিরে (আইডিপি) বোমাবর্ষণ করায় ৬ শিশুসহ ১২ জন নিহত হয়। আহত হয় আরো ৫২ জন।
তবে জিলিব শহরের আরেক অধিবাসী হাসান আব্দিওয়াহাব বলেন, "কেনিয়ার জঙ্গি বিমান আল শাবাব এর একটি ঘাঁটি এবং আইডিপি দুই জায়গায় বিমান হামলা চালিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/ ১৮১৭ ঘ.
bdnews24