২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনেস্কোর পূর্ণ সদস্যপদের চেষ্টায় ফিলিস্তিন

জাতিসংঘে পূর্ণ সদস্যপদের জন্য আবেদনের পর এবার ইউনেস্কোর পূর্ণ সদস্যপদ পাওয়ার চেষ্টা নিচ্ছে ফিলিস্তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2011, 03:48 PM

Updated : 24 Aug 2022, 04:38 PM

রামাল্লাহ, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘে পূর্ণ সদস্যপদের জন্য আবেদনের পর এবার ইউনেস্কোর পূর্ণ সদস্যপদ পাওয়ার চেষ্টা নিচ্ছে ফিলিস্তিনি। বিষয়টি নিয়ে আগামী সপ্তাহেই ভোটাভুটির জন্য চেষ্টা চালানো হবে বলে বুধবার জানিয়েছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াল আল মালকি। যুক্তরাষ্ট্রের আপত্তি উপেক্ষা করেই ফিলিস্তিন এ পদক্ষেপ নিচ্ছে। জাতিসংঘ ব্যবস্থায় রাষ্ট্র হিসাবে ফিলিস্তিনের স্বীকৃতি চান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এ লক্ষ্যে ২৩ সেপ্টেম্বর পূর্ণ জাতিসংঘ সদস্যপদের আহ্বান জানানোর পর থেকেই প্রথম জাতিসংঘ সংস্থা হিসাবে ইউনেস্কোতে পূর্ণ সদস্য হিসাবে যোগ দেওয়ার পথ খুঁজছে ফিলিস্তিন। জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ মঞ্জুর করতে পারে কেবলমাত্র নিরাপত্তা পরিষদ। কিন্তু ওয়াশিংটনের আপত্তির কারণে সে চেষ্টা বিফল হওয়ারই সম্ভাবনা বেশি। তবে জাতিসংঘে মর্যাদা না বাড়লেও ইউনেস্কোয় পূর্ণ সদস্য হিসাবে যোগ দিতে পারে ফিলিস্তিন। মালকি বলেন, রোববার ইউনেস্কোর সাধারণ সম্মেলনে ভাষণ দেবেন এক ফিলিস্তিনি প্রতিনিধি। ফিলিস্তিনিরা ওই দিনই সদস্যপদের ব্যাপারে ভোটাভুটি চায়। বুধবার ভয়েস অব ফিলিস্তিন বেতারে এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আমরা ইউনেস্কো সদস্যপদের জন্য আমাদের অনুরোধের ওপর ভোট অনুষ্ঠান করানোর সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। ভাষণ দেওয়ার সময়টিতেই আমাদের রাষ্ট্রদূতের মাধ্যমে আমরা এ চেষ্টা নেবো।" "আশা করি এ চেষ্টায় আমরা সফল হবো," বলেন মালকি। তিনি আরো বলেন, "ইউনেস্কোয় ফিলিস্তিনের সদস্যপদ অনুমোদন পেলে এ সংগঠনটিতে মার্কিন তহবিল সহায়তা বন্ধ হয়ে যাওয়ার বড় ধরনের হুমকি আছে।" তবে এ হুমকির মধ্যেও ইউনেস্কোর এক সূত্র আগামী সপ্তাহের সাধারণ সম্মেলনে মালকি এবং ফিলিস্তিনি প্রতিনিধিদের যোগ দেওয়া এবং দিনশেষে ভোট হওয়ার সম্ভাবনার কথা রয়টার্সকে জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর/বিসিএস/এলকিউ/২১৩৮ঘ.