ওয়াশিংটন, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গত শতকে জনসংখ্যার চেয়ে পানির ব্যবহার দ্বিগুণ হারে বেড়েছে। ২০ শতকে অপরিহার্য হয়ে দাঁড়িয়েছিলো তেলের ব্যবহার। সে জায়গা এখন দখল করছে পানি।
সভ্যতার সূচনালগ্ন থেকেই মানুষ পানির ওপর নির্ভরশীল। তবে নগরায়ন ও দ্রুত উন্নয়নের কারণে এ চাহিদা আগের তুলনায় অনেক বেড়েছে।
এক টেলিফোন সাক্ষাৎকারে ওয়াশিংটন ভিত্তি গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান 'ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউট' এর বিশ্লেষক কির্স্টি জেনকিনসন জানান, ২০০৭ সাল থেকে ২০২৫ সালের মধ্যে পানির ব্যবহার উন্নয়নশীল দেশগুলোতে ৫০ শতাংশ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। আর উন্নত দেশে এ হার হবে ১৮ শতাংশ।
তিনি আরো জানান বিশ্বের দরিদ্র দেশগুলোতে গ্রাম থেকে আরো বেশি মানুষ শহরমুখী হওয়ার কারণে ওইসব অঞ্চলগুলে পানির ব্যবহার বেশি বাড়বে।
জেনকিনসন জানান, "এ শতাব্দিতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে অতীতের তুলনায় ভয়াবহ বন্যা ও খরা দেখা দেবে এবং তা প্রথমেই দরিদ্র দেশগুলোতে মারাত্মক ক্ষতি ডেকে আনবে।"
তিনি জানান, বিশ্বের স্বাদু পানির মধ্যে ৮ শতাংশ গৃহস্থালীর কাজে, ৭০ শতাংশ কৃষি, সেচে এবং ২২ শতাংশ কল কারখানায় ব্যবহার হয়ে থাকে।
কলারোডো ভিত্তিক পানি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রব রেনার জানান, পৃথিবীতে অনেক পানি রয়েছে এবং সম্ভবত আমরা পানির অভাবে পড়বো না।
তিনি বলেন, "তবে সমস্যা হচ্ছে পৃথিবীতে পানির ৯৭ দশমিক ৫ শতাংশই লবণাক্ত...আর ২ দশমিক স্বাদু পানি যার দুই তৃতীয়াংশই বরফ। সুতরাং ব্যবহারের জন্য প্রচুর পরিমাণে স্বাদু পানি পাওয়া যাবে না।"
রেনার আরো জানান, বিশ্বে প্রায় ১শ' কোটি মানুষ সুপেয় পানি পায় না। এছাড়া প্রায় ২শ' কোটি মানুষ যথাযথ স্যানিটেশন ব্যবস্থা ছাড়াই বাস করে।
যার ফলে বিশ্বে প্রতি বছর ৫০ লাখ মানুষের প্রাণহানি হয়। এর বেশিরভাগই শিশু এবং তারা প্রতিরোধযোগ্য পানিবাহিত রোগে মারা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৪৪ঘ.
bdnews24