ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ার নিহত সাবেক নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির জন্মশহর সির্তে ফুয়েল ট্যাঙ্ক বিস্ফোরণে শতাধিক মানুষ নিহত হয়েছে।
কর্নেল গাদ্দাফি নিহত হওয়ার এক সপ্তাহেওর কম সময়ের মধ্যে শহরটিতে এ ঘটনা ঘটল বলে মঙ্গলবার দেশটির ক্ষমতাসীন জাতীয় অন্তর্বর্তী সরকারের (এনটিসি) এক কর্মকর্তার বরাত দিয়ে এনডিটিভি ও সিবিএস নিউজ জানায়।
লিথ মোহাম্মেদ নামে এনটিসির ওই কর্মকর্তা বলেন, "প্রচণ্ড বিস্ফোরণে বিশাল আগুনের সৃষ্টি হয়। এতে ১শ' জনেরও বেশি মানুষ নিহত এবং ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।"
এনটিসিরি মুখপাত্র জালাল আল গালাল, ওই ঘটনার পর মঙ্গলবার পর্যন্ত তার কাছে বিস্তারিত কোনো তথ্য এখনো আসেনি।
তবে এটি দুর্ঘটনা বলেই প্রাথমিক তথ্যে তাদের কাছে মনে হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এ দুর্ঘটনার বিস্তারিত তথ্য মন্ত্রিসভার সদস্য আলি তারহৌনি দ্রুততম সময়ে সংবাদ মাধ্যমকে জানাবেন বলে আল গালাল নিশ্চিত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৯৫৫ ঘ.
bdnews24