ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের মতো উচ্চ মাত্রায় কার্বন ডাই অক্সাইড নির্গমণের পথে যাবে না চীন।
মাথাপিছু কার্বন ডাই অক্সাইড নির্গমণের মাত্রা যুক্তরাষ্ট্রের পর্যায়ে পৌঁছতে দেওয়া হবে না- বলেছেন, চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের ভাইস চেয়ারম্যান জিয়ে জেনহুয়া।
তিনি বলেন, "এত বেশি মাত্রায় কার্বন নির্গমন হলে বিশ্বের জন্য তা বিপর্যয় ডেকে আনবে।"
যুক্তরাজ্য সফরকালে পার্লামেন্ট সদস্যদের সামনে বক্তব্যে জিয়ে বলেন, "চীন যুক্তরাষ্ট্রের পথ মাড়াবে না। মাথাপিছু কার্বন নির্গমন বাড়তে দেবে না।"
"আমরা গ্রিনহাউস গ্যাস নির্গমন কমিয়ে আনার চেষ্টা করছি এবং কার্বনের ঘনত্ব কমে আসছে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা এর শেষ পর্যায়ে পৌঁছতে চাই," বলেন তিনি।
চীনের মাথাপিছু কার্বন নির্গমনের হার ২০১৭ সাল নাগাদ যুক্তরাষ্ট্রের কার্বন নির্গমনের মাত্রায় পৌঁছতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে সাম্প্রতিক এক গবেষণায়।
গত মাসে ইউরোপীয়ান কমিশনের যৌথ গবেষণা কেন্দ্রের 'জেআরসি' এক বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কার্বন নির্গমনের মাত্রা ১৬ দশমিক ৯ টন। আর চীনে এ মাত্রা ৬ দশমিক ৮ টন।
অন্য আরো কয়েকটি বিশ্লেষণে যুক্তরাষ্ট্রে কার্বন নির্গমনের মাত্রা আরো বেশি প্রায় ২০ টন উল্লেখ করা হয়েছে।
তবে জেআরসি এও বলেছে যে, চীনে ১৯৯০ সালের পর থেকে কার্বন নির্গমনের মাত্রা তিনগুণ বেড়েছে।
আর সম্প্রতি চীনে দ্রুত শিল্পায়ন এবং কয়লা পোড়ানোর কারণে কার্বন নির্গমনের মাত্রা অনেক বেড়ে গেছে। ফলে ৬ বছরে তা যুক্তরাষ্ট্রের পর্যায়ে চলে যাওয়ার আশঙ্কা আছে।
জাতীয়ভাবে চীনের কার্বন নির্গমন হিসাবমতে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে। তবে চীনের জনসংখ্যা বেশি হওয়ার কারণে মাথাপিছু কার্বন নির্গমন এখনো অনেক কম। কিন্তু এ মাত্রাও বেড়ে চলেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০২৯ঘ.
bdnews24