ব্যাংকক, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডে সোমবার আশঙ্কাজনকভাবে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে আরো কয়েকটি অঞ্চল।
আরো অনেক এলাকায় সতর্কতার মাত্রা বাড়ানো হয়েছে। ব্যাংককের উত্তরাংশের লেক সি ও ডন মুয়ংয়ের আবসিক এলাকাগুলো তলিয়ে যাওয়ায় সেখান থেকে শত শত মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
ওইসব এলাকায় ৬ ফুট উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং খাল ও নদীর পাড় ভেঙে পানি উপচে পড়ছে।
পাঁচ দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় থাইল্যান্ডে এ পর্যন্ত কমপক্ষে ৩৫৬ জন প্রাণ হারিয়েছে এবং বন্যার কবলে পড়েছে প্রায় ২৫ লাখ মানুষ। এছাড়া ১ লাখ ১৩ হাজারের বেশি মানুষ অস্থায়ী আশ্রয় কেন্দ্রে রয়েছে এবং ৭ লাখ ২০ হাজার মানুষের চিকিৎসা সেবার প্রয়োজন।
কেন্দ্রীয় এলাকাগুলো এবং পাথুম থাই ও ননথাবুরি প্রদেশের শিল্পাঞ্চল এবং ব্যাংককের উত্তরাঞ্চলীয় এলাকা আয়ুত্থায়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সিনাওয়াত্রা সরকার ও ব্যাংকক মেট্রোপলিটন প্রশাসন বন্যা পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে।
সরকার বলছে, পানির গতিপথ নিয়ন্ত্রণের প্রক্রিয়া ভালোভাবেই চলছে।
কিন্তু ব্যাংকক গভর্নর সুখুমভান্দ পরিবাত্রার সুর বলছে অন্য কথা।
তিনি উত্তরাঞ্চলের আরো ছয়টি এলাকার মানুষকে বসত বাড়ি ছেড়ে যাওয়ার জন্য সতর্কতা জারি করেছেন।
সুখুমভান্দ এক সংবাদ সম্মেলনে বলেন, "পরিস্থিতি জটিল হয়ে উঠছে এবং আমরা আশঙ্কা করছি অত্যন্ত ভয়াবহ কিছু ঘটবে।"
ওদিকে, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা রাজধানী ব্যাংকককে আসন্ন মহাপ¬¬াবন থেকে রক্ষার জন্য সব সংস্থাকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন।
গত জুলাই থেকে অর্ধশতাব্দির সবচেয়ে ভয়াবহ বন্যা মোকাবেলা করছে থাইল্যান্ড।
ব্যাংককের আরো বিস্তীর্ণ এলাকায় ঢুকছে বন্যার পানি। গত কয়েকদিন ধরেই থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক ভয়াবহ বন্যার হুমকির মুখে আছে। নগরীর পাশ দিয়ে বয়ে যাওয়া চাও ফরাইয়া নদীর পানি বেশ কয়েকদিন ধরেই বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে শহর রক্ষা বাঁধের উচ্চতা আরো বেশি হওয়ায় শহরটি এখনো তলিয়ে যায়নি।
নগরীর আশপাশের সব খালগুলোতে উপচে পড়া পানি দ্রুত গতিতে সাগরের দিকে ছুটে যাচ্ছে। দেশটির উত্তর, উত্তরপূর্ব ও মধ্যাঞ্চলের অধিকাংশ এলাকা গত জুলাই থেকে পানির নীচে তলিয়ে আছে। এখন রাজধানী ব্যাংক তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ব্যাংককের পাশ দিয়ে বয়ে যাওয়া চাও ফরাইয়া নদীই সাগরের দিকে বয়ে যাওয়া প্রধান নদী। বন্যার পানি প্রধানত এ পথ দিয়েই দক্ষিণে অবস্থিত সাগরের দিকে যাচ্ছে।
বৃহস্পতিবার থাইল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বন্যায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ থাইল্যান্ডের অর্থনৈতিক উন্নয়ন হ্রাস পাবে। পূর্ব ঘোষিত লক্ষ্যমাত্রা ৪ দশমিক ১ থেকে হ্রাস পেয়ে ৩ শতাংশে নেমে আসবে। ।
এরই মধ্যে ব্যাংককের সুপার মার্কেটগুলোতে খাদ্যপণ্যের সংকট দেখা দিয়েছে। দোকানগুলোর বোতলজাত পানি ও ইন্সট্যান্ট নুডুলস শেষ হয়ে গেছে। নগরীর বাসিন্দারা বরফ কিনে তা পানি করে বিশুদ্ধ পানির চাহিদা পূরণ করার চেষ্টা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/বিসিএস/এলকিউ/২১০০ঘ.
bdnews24