বুয়েনস আয়ার্স, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির বর্তমান প্রেসিডেন্ট ক্রিশ্চিনা ফার্নান্দেজ ক্রিচনার বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন। ৫৮ বছর বয়সী ক্রিচনার ৫৪ শতাংশ ভোট পেয়েছেন বলে প্রাথমিক ফলাফলে জানানো হয়।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হার্মেস বিন্নার পেয়েছেন ১৭ শতাংশ ভোট।
নির্বাচনের প্রায় অর্ধেক ভোট গণনা করা হয়েছে। এতে ক্রিশ্চিনা ৫৩ শতাংশ ভোট পেয়েছেন, যা প্রথম রাউন্ডের পুনর্র্নিবাচন জয়ের জন্য যথেষ্ট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হারমেস বিনার পেয়েছেন মাত্র ১৭ শতাংশ ভোট।
আর্জেন্টিনার অর্থনৈতিক অগ্রগতিই তাকে নির্বাচিত হতে সহায়তা করেছে বলে বিশ্লেষকদের ধারণা।
ভোট গণনার পর বুয়েন্স আয়ার্সে প্লাজা দো মেয়োতে দেওয়া ভাষণে অনুভূতি ব্যক্ত করে ক্রিশ্চিনা বলেন, "আমি সবার সাথে সহযোগিতার ভিত্তিতে আর্জেন্টিনার সমৃদ্ধির ধারা অব্যাহত রাখতে চাই। আমি পরিবর্তনের এই ইতিহাস ধরে রাখতে চাই।"
এসময় হাজার হাজার কর্মী-সমর্থক পতাকা হাতে চিৎকার করে তাকে অভিনন্দন ও সমর্থন জানায়।
তার ভাষণ জায়ান্ট স্ক্রিনে প্রদর্শন করা হয়।
সমর্থকদের উদ্দেশ্যে ক্রিশ্চিনা বলেন, "এ রাতটা আমার জন্য বিস্ময়কর। আর্জেন্টিনাকে পরিবর্তনকারী ব্যক্তি আমাদের নেতৃত্ব দিয়েছেন এবং তার যা ছিলো তা আমাদেরকে দিয়েছেন। তাকে ছাড়া, তার সাহস ছাড়া এ অবস্থায় আসা সম্ভব হত না।"
এই বক্তব্যের মধ্যদিয়ে তিনি তার প্রয়াত স্বামী ও আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট নেস্টর ক্রিচনারকে স্মরণ করেন।
মাত্র এক বছর আগেই নেস্টর ক্রিচনার মারা যান। তার আকস্মিক মৃত্যুতে ক্রিশ্চিনার প্রতি জনগণের সমবেদনা জাগে। একইসঙ্গে নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী দুর্বল হওয়াতেও তিনি বাড়তি সুবিধা পেয়েছেন বলে সমালোচকেরা দাবি করছেন।
সাবেক প্রেসিডেন্ট নেস্টর ২০০৩-২০০৭ পর্যন্ত ক্ষমতায় ছিলেন। এরপর স্ত্রী ক্রিশ্চিনার হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে সরে দাঁড়ান তিনি।
নির্বাচনের প্রাথমিক এ ফলাফল নিশ্চিত হলে ১৯৮৩ সালের পর এটাই হবে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় নির্বাচনী জয়ের ঘটনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৫১৭ ঘ.
bdnews24