বেনগাজি, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ক্ষমতাচ্যুত শাসক মুয়াম্মার গাদ্দাফির মৃত্যুর পর রোববার দেশকে 'মুক্ত' ঘোষণা করেছে লিবিয়া।
বেনগাজিতে মুক্তি ঘোষণার জন্য আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করে একজন কর্মকর্তা বলেন, "আমরা সারা বিশ্বকে জানাচ্ছি, আমরা আমদের প্রিয় দেশকে মুক্ত করেছি। এর শহর, গ্রাম, পাহাড়ের চূড়া, পর্বতশ্রেণী, মরুভূমি ও আকাশ সবই এখন মুক্ত।"
বেনগাজি থেকেই ফেব্র"য়ারিতে লিবিয়ায় গণঅভ্যুত্থানের সূচনা হয় এবং ওই শহরেই মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হলো। যুদ্ধ চালাকালে বেনগাজিতেই ছিল এনটিসির প্রধান কার্যালয়।
নতুন সরকারের কাছ থেকে মুক্তির এ ঘোষণা শোনার জন্য লিবিয়ার শহর বেনগাজির ফ্রিডম স্কয়ারে ভিড় করে অগণিত মানুষ।
গাদ্দাফির ৪২ বছরের শাসনাবসানের জন্য যে শহরকে ভিত্তি করে যুদ্ধ পরিচালিত হয়েছিল ওই শহরেই ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল (এনটিসি) প্রধান মুস্তফা আব্দুল জলিল লিবিয়াকে 'মুক্ত' ঘোষণা করেন।
ইউনিফর্ম পরা এনটিসি যোদ্ধাসহ হাজার হাজার মানুষ রোববার পতাকা উড়িয়ে বেনগাজির সেন্ট্রাল স্কয়ারে সমবেত হয়।
এনটিসি মুখপাত্র মুস্তফা গৌব্রানি বলেন, লিবিয়ায় নতুন দিন শুরু হচ্ছে। তিনি বলেন, " লিবিয়ার জন্য, লিবিয়াবাসীর জন্য এ এক গৌরবদীপ্ত দিন।"
তিনি আরো বলেন, "এই প্রথম আমরা অনুভব করছি আমরা পুরোপুরি স্বাধীন। আমরা আমাদের একনায়কের হাত থেকে মুক্তি পেয়ে গণতান্ত্রিক জীবন শুরু করতে চলেছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২৩০৮ঘ.
bdnews24