২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাদ্দাফিকে হত্যা চাইনি: জিবরিল

মুয়াম্মার গাদ্দাফিকে হত্যা নয়, বরং তার অপরাধের বিচার করার ইচ্ছাই ছিলো বলে জানিয়েছেন লিবিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী মাহমুদ জিবিরিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2011, 07:47 AM

Updated : 24 Aug 2022, 04:37 PM

লন্ডন, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মুয়াম্মার গাদ্দাফিকে হত্যা নয়, বরং তার অপরাধের বিচার করার ইচ্ছাই ছিলো বলে জানিয়েছেন লিবিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী মাহমুদ জিবিরিল। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন, যা রোববার প্রচার করা হয়েছে। জিবরিল বলেন, "সত্যি কথা বলতে, গাদ্দাফি বেঁচে থাকুক, ব্যক্তিগতভাবে এটাই আমার ইচ্ছা ছিলো। লিবিয়ার জনগণের সঙ্গে তিনি কেন এমন করেছেন, তা আমি জানতে চাই। "তার বিচারের বিচারক হওয়ারও ইচ্ছা ছিলো আমার। কারণ সবার মনে একটাই প্রশ্ন- ৪২ বছরের শাসনকালে তিনি যা করেছেন, তা কি লিবিয়ার জনগণের প্রাপ্য ছিলো?" গত বৃহস্পতিবার সির্ত শহরে গুলিবিদ্ধ হয়ে মারা যান লিবিয়ার ক্ষমতাচ্যুত শাসক গাদ্দাফি। লিবিয়ার অন্তর্বর্তীকালীন পরিষদ এনটিসির দাবি, আটকের পর 'ক্রসফায়ারে' নিহত হন তিনি। তবে এনটিসির এক যোদ্ধা দাবি করেছেন, তিনি গাদ্দাফিকে হত্যা করেছেন। গাদ্দাফির মৃত্যুর ঘটনাটি তদন্তের জন্য ইতোমধ্যে আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার নাভি পিল্লাই। পূর্ণাঙ্গ তদন্ত হবে কি না এবং আন্তর্জাতিক কোনো দলকে তা পর্যবেক্ষণের অনুমতি দেওয়া হবে কি না জানতে চাইলে জিবরিল বলেন, "হ্যাঁ, এটা সত্যিই সঠিক হবে। কিন্তু আপনারা জানেন, ইসলাম ধর্ম অনুযায়ী যখন মৃতদেহ দাফন করা হয়, তখন সত্যিকার অর্থেই তার দাফন হয়।" লিবিয়ায় বর্তমানে 'সীমিত' আকারে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে বলেও স্বীকার করেন জিবরিল। লিবিয়া অভিযানে আনুষ্ঠানিক ইতি টানলেও ন্যাটোর সহযোগিতা লিবিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের স্বাগত জানানো উচিত বলে মনে করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এমআই/১৩২০ ঘ.