জাতিসংঘ, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ পেল পাকিস্তান। এর মধ্যদিয়ে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর রাষ্ট্র ভারত ও পাকিস্তান উভয়েই বর্তমানে ওই সংস্থাটির সদস্য।
এরআগে সর্বশেষ ১৯৭৭ সালে দেশ দু'টি একসাথে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে কাজ করেছে।
শুক্রবার পাকিস্তান ছাড়াও মরক্কো, গুয়াতেমালা ও টোগো দুই বছর মেয়াদী জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ পায়। তবে এখনো পর্যন্ত পূর্ব ইউরোপের আসনে কোনো রাষ্ট্র নির্বাচিত হয় নি।
১৫টি সদস্য রাষ্ট্র নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কাজ করে থাকে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন এই পাঁচটি রাষ্ট্র ওই সংস্থার স্থায়ী সদস্য।
বাকি ১০ টি রাষ্ট্রকে অস্থায়ী ভাবে মনোনীত করা হয়। প্রতি বছরই নতুন পাঁচটি রাষ্ট্রকে দুই বছরের জন্য সদস্য হিসেবে মনোনীত করা হয়। এভাবে বছরান্তে যেকোনো পাঁচটি রাষ্ট্র দুই বছরের মেয়াদ শেষ করে।
চলতি বছর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদে বেশ প্রতিদ্বন্দ্বিতা হয়। শুধু গুয়াতেমালা সহজেই সদস্যপদ পায়। আঞ্চলিকভাবেও তাকে কোনো বিরোধিতার মোকাবিলা করতে হয় নি।
তবে পাকিস্তানকে এশিয়া অঞ্চলের আসনের জন্য কিরঘিজস্তানের সাথে লড়াই করতে হয়। মরক্কোও সহজেই সদস্যপদ পায়, কিন্তু পশ্চিম আফ্রিকার রাষ্ট্র টোগোকে সদস্যপদ পেতে তৃতীয় রাউন্ড পর্যন্ত অপেক্ষা করতে হয়।
পূর্ব ইউরোপের জন্য নির্ধারিত আঞ্চলিক কোঠায় আসন পাওয়ার জন্য আজারবাইজান, স্লোভেনিয়া লড়াই চালাচ্ছে। হাঙ্গেরি ইতোমধ্যে এই লড়াই থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। কিন্তু সদস্যপদ কোন দেশ পাচ্ছে তা এখনো নির্ধারিত হয় নি।
পাকিস্তানের চিরবৈরী রাষ্ট্র প্রতিবেশি ভারত চলতি বছরেই নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ পায়। ২০১২ সাল পর্যন্ত তারা ওই পরিষদে থাকবে।
ভারত ও পাকিস্তান পরস্পরের বিরুদ্ধে ইতোমধ্যে তিন তিনবার যুদ্ধে জড়িয়ে পড়ে। ১৯৪৭ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা অর্জন করা পর কাশ্মিরকে কেন্দ্র করে এই দেশদু'টির মধ্যে বৈরিতা চলছেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০০৪ ঘ.
bdnews24