২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাক্কানির সঙ্গে বৈঠক করেছে যুক্তরাষ্ট্র: হিলারি

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা হাক্কানি জঙ্গি নেটওয়ার্কের প্রতিনিধিদের সঙ্গে একটি প্রাথমিক বৈঠক করেছে। শুক্রবার একথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2011, 06:06 PM

Updated : 24 Aug 2022, 04:36 PM

ইসলামাবাদ, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা হাক্কানি জঙ্গি নেটওয়ার্কের প্রতিনিধিদের সঙ্গে একটি প্রাথমিক বৈঠক করেছে। শুক্রবার একথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। বৈঠকটি কোথায় হয়েছে এবং কারা এতে অংশ নিয়েছে সে ব্যাপারে তিনি বিস্তারিত কিছু জানাননি। তবে এক মার্কিন কর্মকর্তা বলেছেন, সেপ্টেম্বরে আফগানিস্তানের রাজধানী কাবুলের মার্কিন দূতাবাসে হামলার আগে এই গ্রীস্মেই পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর অনুরোধে হাক্কানির সঙ্গে বৈঠক করেছে যুক্তরাষ্ট্র। সেপ্টেম্বরে কাবুলের মার্কিন দূতবাসে হামলার জন্য যুক্তরাষ্ট্র হাক্কানি জঙ্গি দলটিকে দায়ী করে আসছে এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পাকিস্তানকে চাপ দিচ্ছে। কাবুলে ওই হামলা ছাড়াও মার্কিন সেনাদের ওপর আরেকটি বড় জঙ্গি হামলার আগে যুক্তরাষ্ট্র দলটির সঙ্গে বৈঠক করে। এ ধরনের বৈঠকের খবর আরো আগেই শোনা গেলেও সে সময় যুক্তরাষ্ট্র তা নিশ্চিত করেনি। হিলারি বৃহস্পতিবার পাকিস্তান সফরে যাওয়ার আগে তালেবান জঙ্গিদের হুঁশিয়ারি দিয়ে বলেন, শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতা না করলে আফগানিস্তান এবং পাকিস্তানের জঙ্গিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ হুঁশিয়ারির পরই হাক্কানির সঙ্গে ওই বৈঠকের কথা জানালেন তিনি। শুক্রবার পাকিস্তানি সাংবাদিকদের সঙ্গে গোলটেবিল আলোচনায় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে হাক্কানি প্রতিনিধিদের সরাসরি আলোচনার খবর সম্পর্কে জিজ্ঞেস করা হলে হিলারি বলেন, "আমরা তালেবানের সঙ্গে আলোচনা করেছি। হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে আলোচনা করেছি। উদ্দেশ্য ছিলো তাদের সদিচ্ছা এবং আন্তরিকতা যাচাই করে দেখা।" "আর এখন আমরা নিজেদের মধ্যে-- আফগানিস্তান, পাকিস্তান, যুক্তরাষ্ট্র-- কাজ করে একসঙ্গে একটি প্রক্রিয়া দাঁড় করানোর চেষ্টা করছি যাতে আমরা সত্যিকারের আলোচনার পথে এগুতে পারি।" পাকিস্তান সরকারের কর্মকর্তারাই বৈঠকটি করতে সহায়তা করেছে বলে জানান হিলারি। তবে তিনি বলেন, এখন হাক্কানির সঙ্গে কোনো আলোচনা চলছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২৩৫৫ঘ.