মস্কো, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্থগিত হয়ে যাওয়া পরমাণু আলোচনা 'কোনো ধরনের শর্ত ছাড়াই' আবারো শুরু করতে প্রস্তুত বলে জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং- ইল।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইটার-তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। বুধবার এটি প্রকাশিত হয়।
২০০৮ সালে এ আলোচনা স্থগিত হয়ে যায়। রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি বন্ধে কূটনৈতিকভাবে তাদের চেষ্টা জোরদার করছে বলে যে কথা শোনা যাচ্ছে তার মধ্যেই আকস্মিকভাবে কিম এ মন্তব্য করেছেন।
আগামী সোমবার ও মঙ্গলবার জেনেভায় যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। আর পরমাণু বিষয়ক আলোচনা আবার শুরু হবে কিনা তা নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে এক সূত্র জানিয়েছে।
লিখিতভাবে দেওয়া সংবাদ সংস্থার প্রশ্নের উত্তরে কিম বলেন, "কোনো শর্ত ছাড়াই ছয় জাতির আলোচনা দ্রুত শুরু হওয়া উচিত বলে আমাদের যে মূল অবস্থান রয়েছে তা অপরিবর্তিত রয়েছে।"
গত মাসে রাশিয়া সফরে পিয়ংইয়ং'র পরমাণু কর্মসূচি বিষয়ে আন্তর্জাতিক আলোচনা আবারো শুরু হলে পরমাণু অস্ত্রের পরীক্ষা ও উৎপাদন বন্ধের বিষয়টি বিবেচনা করার অঙ্গীকার করেছিলেন কিম।
অগাস্ট মাসে রাশিয়ার প্রেসিডেন্ট মেদভেদেভের সঙ্গে বৈঠকের পর দু'দেশের সম্পর্কের উন্নয়ন ঘটে। ২০০২ সালের পর এটিই ছিলো দেশটিতে কিমের প্রথম সফর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪৫৬ ঘ.
bdnews24