ইয়াঙ্গুন, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/রয়টার্স)- মিয়ানমার খুব শিগগিরই আরো কয়েকশ রাজবন্দিকে মুক্তি দেবে বলে জানিয়েছেন দেশটির উর্ধ্বতন এক সরকারি কর্মকর্তা।
দেশে সংস্কার পদক্ষেপ হিসাবে সাধারণ ক্ষমার আওতায় ২০০ রাজবন্দিকে মুক্তি দেওয়ার এক সপ্তাহ পর আরো বন্দি মুক্তির এ ঘোষণা দিলো সরকার।
প্রেসিডেন্ট থিয়েন সিয়েন এর উর্ধ্বতন রাজনৈতিক উপদেষ্টা কো কো হাইং বুধবার বলেন, আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি। কিন্তু শিগগিরই সাধারণ ক্ষমার আওতায় আরো রাজবন্দিকে মুক্তি দেওয়ার যুক্তিসঙ্গত পদক্ষেপ নেওয়া হবে।
তিনি রয়টার্সকে জানান, "সরকার শিগগিরই বাকী রাজবন্দিদের মুক্তি মঞ্জুর করতে পারে বলে আমি আভাস পেয়েছি।"
তিনি আরো বলেন, "অন্য রাজবন্দিরা যেখানে মুক্তি পেয়েছে তখন বাকীরা কেন বন্দি থাকবে? আমি এর কোন কারণ দেখি না।" তবে এ সিদ্ধান্ত নেওয়ার ভার তার নয় বলে জানান তিনি।
'অ্যাসিসটেন্স এ্যসোসিয়েশন ফর পলটিক্যাল প্রিজনারস' (এএপিপি) সংগঠন জানিয়েছে, মিয়ানমার ১২ অক্টোবর বিশিষ্ট কয়েকজন রাজবন্দিসহ ২০০ জনকে মুক্তি দিয়েছে। কিন্তু হিসাবমতে, এখনো বন্দি রয়ে গেছে ১ হাজার ৮০০ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৫৪ঘ.
bdnews24