২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শালিতের বিনিময়ে কয়েকশ' ফিলিস্তিনির মুক্তি

ফিলিস্তিনের গাজা শাসনকারী হামাসের হাতে বন্দি ইসরায়েলি সেনা গিলাদ শালিত মঙ্গলবার মুক্তি পেয়ে বাড়ি ফিরেছে। তার বিনিময়ে মুক্তি পেয়ে ইসরায়েলি সীমান্ত অতিক্রম করেছে শ' শ' ফিলিস্তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2011, 12:30 PM

Updated : 24 Aug 2022, 04:35 PM

গাজা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিস্তিনের গাজা শাসনকারী হামাসের হাতে বন্দি ইসরায়েলি সেনা গিলাদ শালিত মঙ্গলবার মুক্তি পেয়ে বাড়ি ফিরেছে। তার বিনিময়ে মুক্তি পেয়ে ইসরায়েলি সীমান্ত অতিক্রম করেছে শ' শ' ফিলিস্তিনি। ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে বন্দি এক হাজারেরও বেশি ফিলিস্তিনির মুক্তির পদক্ষেপের বিনিময়ে শালিতকে মুক্তি দিয়েছে হামাস। এর প্রথম ধাপে ইসরায়েল মঙ্গলবার ৪৭৭ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে। পরবর্তী ধাপে আগামী মাসে মুক্তি পাবে আরো ৫৫০ ফিলিস্তিনি। মঙ্গলবার মুক্তি পাওয়া বেশির ভাগ ফিলিস্তিনিই গাজার। বাসে করে গাজায় ফেরা এ ফিলিস্তিনিদের স্বাগত জানিয়েছে হামাস। এ পদক্ষেপকে বিজয় আখ্যা দিয়েছে তারা। ফিলিস্তিনিরাও এতে আনন্দিত। "ফিলিস্তিনি জনগণের জন্য এ মুহূর্ত খুবই আনন্দের", বলেন ছেলের মুক্তিতে আত্মহারা এক ফিলিস্তিনি। এর আগে ২৫ বছর বয়সী ইসরায়েলি সেনা গিলাদ শালিতকে গাজা থেকে মিশরের সিনাই উপত্যকায় নিয়ে যাওয়া হয়। সেখানে মিশরীয় কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয় তাকে। মিশরীয় কর্মকর্তারা শালিতকে ইসরায়েল সীমান্তের কাছে নিয়ে গেলে অপেক্ষারত হেলিকপ্টার তাকে বাড়ি নিয়ে যায়। ইসরায়েলের কাছে হস্তান্তরের আগে মিশরীয় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে শালিত বলেন, "আমার বাড়ির কথা মনে পড়তো। এ বন্দি বিনিময় ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আনবে বলেই আমি আশা করছি।" ইসরায়েল-ফিলিস্তিন বন্দি বিনিময়ের পুরো প্রক্রিয়ায় মধ্যস্থতা করছে মিশর। তবে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে মিশর বা ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায় নি। মঙ্গলবার স্থানীয় সময় ভোরের দিকে ৪৭৭ জন ফিলিস্তিনি বন্দির প্রথম দলটিকে কারাগার থেকে বাসে কারে গাজা সীমান্তে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাদের মুক্তি দেওয়া হয়। বিনিময়ে ২৫ বছর বয়সী গিলাদ শালিতকে ফেরত পায় ইসরায়েল কর্তৃপক্ষ। ইসরায়েলের নেজেভ মরুভূমির একটি কারাগার থেকে কড়া পাহারায় একটি গাড়ি বহর মঙ্গলবার ফিলিস্তিনি বন্দিদের নিয়ে রওনা হয়। এই কারাগারেই অধিকাংশ ফিলিস্তিনি বন্দিকে রাখা হয়েছিলো। ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলের অন্য একটি কারাগার থেকে ফিলিস্তিনি নারী বন্দিদের নিয়ে অন্য আরেকটি ছোটদল রওনা হয়। এর আগে বন্দি ২৯৫ জন ফিলিস্তিনিকে ইসরায়েল, মিশর ও গাজা ভূখন্ডের সীমান্ত কেরেম সালোম এলাকায় নিয়ে মুক্তি দেয়া এবং অন্যান্য বন্দিদের ফিলিস্তিনের পশ্চিম তীরে মুক্তি দেয়ার পরিকল্পনা জানায় ইসরায়েল। বন্দি বিনিময়ের শর্তানুযায়ী শালিতকে মধ্যস্থতাকারী মিশর ইসরায়েলের কাছে হস্তান্তর করার মুহূর্তেই প্রথম ধাপে ৪৭৭ জন ফিলিস্তিনি বন্দিকে আনুষ্ঠানিভাবে মুক্তি দেওয়ার ঘোষণাও দেয় ইসরায়েল।। মুক্তিপাওয়া বন্দিদের বীরোচিত সংবর্ধনা দিচ্ছে হামাস। হামাসের মুখপাত্র সামি আবু জুহরি বন্দি বিনিময়কে "ঐতিহাসিত মুহূর্ত" বলে উল্লেখ করেছেন। বর্তমানে ২৫ বছর বয়সী গিলাদ শালিতকে ২০০৬ সালে হামাস সদস্যরা ইসরায়েল থেকে অপহরণ করে। হামাসের সদস্যরা সুড়ঙ্গ খুঁড়ে গাজা থেকে ইসরায়েলের ভিতর প্রবেশ করে শালিত ও তার সহসেনাদের হতবাক করে দেয়। তারা তাৎক্ষণিক হামলা চালিয়ে দুই ইসরায়েলি সেনাকে হত্যা করে শালিতকে অপহরণ করে নিয়ে যায়। তারপর থেকে অজ্ঞাত স্থানে বন্দি শালিতের কোন খোঁজ পায়নি ইসরায়েল। সর্বশেষ ২০০৯ সালে তার একটি ভিডিও প্রকাশ করে হামাস। হামাসের 'হামলায়' নিহত ইসরায়েলিদের স্বজনেরা এর আগে এই বন্দি বিনিময় উদ্যোগের বিরুদ্ধে আদালতে গেলেও সোমবার তা নাকচ হয়ে যায়। ইসরায়েলে বন্দি ফিলিস্তিনিদের অনেকেই যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন। ইসরায়েলে প্রায় ৬ হাজার ফিলিস্তিনি বন্দি রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/এবি/সিআর/এমডি/এলকিউ/১৮২৬ঘ.