২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'মুক্তি পেল শালিত'

ফিলিস্তিনের গাজা ভূখন্ড শাসনকারী হামাস তাদের হাতে বন্দি ইসরায়েলি সেনা গিলাদ শালিতকে মুক্তি দিয়েছে।ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2011, 07:16 AM

Updated : 24 Aug 2022, 04:35 PM

গাজা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিস্তিনের গাজা ভূখন্ড শাসনকারী হামাস তাদের হাতে বন্দি ইসরায়েলি সেনা গিলাদ শালিতকে মুক্তি দিয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে বন্দি এক হাজারেরও বেশি ফিলিস্তিনির মুক্তির বিনিময়ে শালিতকে মুক্তি দেওয়া হয়েছে বলে হামাসের সেনাসূত্র নিশ্চিত করেছে। ওই সূত্র জানিয়েছে, ২৫ বছর বয়সী শালিতকে গাজা থেকে মিশরের সিনাই উপত্যকায় নিয়ে যাওয়া হয়। সেখানে মিশরীয় কর্মকর্তাদের কাছে তাকে হস্তান্তর করা হয়। মিশরীয় কর্মকর্তারা শালিতকে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবে। তবে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে মিশর বা ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া সম্ভব হয় নি। পাঁচ বছর আগে হামাসের হাতে বন্দি ইসরায়েলি সৈন্য গিলাদ শালিতের মুক্তির বিনিময়ে এক হাজারেরও বেশি ফিলিস্তিনি বন্দি মুক্তির এই পুরো প্রক্রিয়ার মধ্যস্থতা করছে মিশর । এরআগে স্থানীয় সময় মঙ্গলবার ভোরের দিকে ৪৭৭ জন ফিলিস্তিনি বন্দির প্রথম দলটিকে কারাগার থেকে বাসে কারে গাজা সীমান্তে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়। সেখানেই তাদের মুক্তি দেওয়া হবে। বিনিময়ে ২৫ বছর বয়সী গিলাদ শালিতকে ফেরত পাবে ইসরায়েল কর্তৃপক্ষ। ইসরায়েলের নেজেভ মরুভূমির একটি কারাগার থেকে কড়া পাহাড়ায় একটি গাড়ি বহর ফিলিস্তিনি বন্দিদের নিয়ে রওনা হয়। এই কারাগারেই অধিকাংশ ফিলিস্তিনি বন্দিকে রাখা হয়েছে। ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলের অন্য একটি কারাগার থেকে ফিলিস্তিনি নারী বন্দিদের নিয়ে অন্য আরেকটি ছোটদল রওনা হয়। বন্দি ২৯৫ জন ফিলিস্তিনিকে ইসরায়েল, মিশর ও গাজা ভূখন্ডের সীমান্ত কেরেম সালোম এলাকায় নিয়ে মুক্তি দেয়া হবে। অন্যান্য বন্দিদের ফিলিস্তিনের পশ্চিম তীরে মুক্তি দেয়া হবে। বন্দি বিনিময়ের শর্তানুযায়ী শালিতকে যে মুহূর্তে মধ্যস্থতাকারী মিশর ইসরায়েলের কাছে হস্তান্তর করবে ঠিক ওই সময় যখন ৪৭৭ জন ফিলিস্তিনি বন্দিকে আনুষ্ঠানিভাবে মুক্তি দেবে ইসরায়েল। প্রথম দফার বন্দি বিনিময় শেষ হতে কয়েক ঘণ্টা লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুই মাসের মধ্যে দ্বিতীয় দফায় আরো ৫৫০ জন ফিলিস্তিনি বন্দিকে ইসরায়েল মুক্তি দেবে বলে কথা রয়েছে। মুক্তিপাওয়া বন্দিদের বীরোচিত সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিয়েছে হামাস। হামাসের মুখপাত্র সামি আবু জুহরি বন্দি বিনিময়কে "ঐতিহাসিত মুহূর্ত" বলে উল্লেখ করেছেন। বর্তমানে ২৫ বছর বয়সী গিলাদ শালিতকে ২০০৬ সালে হামাস সদস্যরা ইসরায়েল থেকে অপহরণ করে। হামাসের সদস্যরা সুড়ঙ্গ খুঁড়ে গাজা থেকে ইসরায়েলের ভিতর প্রবেশ করে শালিত ও তার সহসেনাদের হতবাক করে দেয়। তারা তাৎক্ষণিক হামলা চালিয়ে দুই ইসরায়েলি সেনাকে হত্যা করে শালিতকে অপহরণ করে নিয়ে যায়। তারপর থেকে অজ্ঞাত স্থানে বন্দি শালিতের কোন খোঁজ পায়নি ইসরায়েল। সর্বশেষ ২০০৯ সালে তার একটি ভিডিও প্রকাশ করে হামাস। মুক্তি পাওয়ার পর শালিতকে হেলিকপ্টারে ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলের একটি বিমান ঘাঁটিতে নিয়ে যাওয়া হবে। সেখানে ইসরায়লি প্রধানমন্ত্রী তাকে শুভেচ্ছা জানাবেন এবং তার পরিবারের সদস্যদের সাথে মিলিত হবেন। পরে হেলিকপ্টারে করে উত্তর ইসরায়েলে নিজ বাড়িতে ফিরবেন শালিত। হামাসের 'হামলায়' নিহত ইসরায়েলিদের স্বজনেরা এর আগে এই বন্দি বিনিময় উদ্যোগের বিরুদ্ধে আদালতে গেলেও সোমবার তা নাকচ হয়ে যায়। ইসরায়েলে বন্দি ফিলিস্তিনিদের অনেকেই যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন। ইসরায়েলে প্রায় ৬ হাজার ফিলিস্তিনি বন্দি রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/এবি/সিআর/১৩১১ ঘ.