২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভুটানে রাজদম্পতির সংবর্ধনায় একমাত্র অতিথি রাহুল

ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক এবং রাণী জেটসান পেমার বিয়ের অনুষ্ঠানের দু'দিন পর ভুটানের রাজপ্রাসাদে নবদম্পতির প্রথম আগমণ উপলক্ষ্যে ঐতিহ্য অনুযায়ী এক রাজকীয় সংবর্ধনার আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে একমাত্র অতিথি ছিলেন রাহুল গান্ধী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2011, 08:40 AM

Updated : 24 Aug 2022, 04:33 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক এবং রাণী জেটসান পেমার বিয়ের অনুষ্ঠানের দু'দিন পর ভুটানের রাজপ্রাসাদে নবদম্পতির প্রথম আগমণ উপলক্ষ্যে ঐতিহ্য অনুযায়ী এক রাজকীয় সংবর্ধনার আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে একমাত্র অতিথি ছিলেন রাহুল গান্ধী। ঐতিহ্য অনুুযায়ী ভুটানের রাজকীয় সেনাবাহিনী এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে। শনিবার ভোরের আলো ফোটার সাথে সাথেই রাজা খেসার ও রানী পেমা পরস্পরের হাত ধরে হেঁটে রাজার অফিস তাহিচ্চোদজং এ এসে উপস্থিত হন। এ সময় একশ' উচ্চপদস্থ রাজকর্মচারী ও বৌদ্ধ ভিক্ষু সেখানে উপস্থিত ছিলেন। রাজকীয় ঐতিহ্য অনুযায়ী এ অনুষ্ঠানে রাজপরিবারের সদস্য ও উচ্চপদস্থ রাজকীয় কর্মচারীরা ছাড়া আর কারো উপস্থিত থাকার কথা নয়। তবে ব্যতিক্রম ছিল ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ও ক্ষমতাসীন কংগ্রেস পার্টির প্রধান সোনিয়া গান্ধীর তনয় রাহুল গান্ধীর উপস্থিতি। তিনি ছিলেন ওই অনুষ্ঠানের একমাত্র আমন্ত্রিত অতিথি। রাহুল গান্ধী ভারতের কংগ্রেস পার্টির অন্যতম সাধারণ সম্পাদক ও লোকসভার সদস্য। গান্ধী পরিবারের সাথে ভুটানের রাজ পরিবারের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। রাহুল গান্ধীর প্রয়াত পিতা রাজীব গান্ধী বর্তমান রাজার পিতা ওয়াংচুকের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। রাজকীয় দম্পতি দজং এ এসে পৌঁছলে রাজার পিতা জিগমে সিংমে ওয়াংচুক ও ভুুটানের প্রধান ভিক্ষু জে খেনপো তাদের অভ্যর্থনা জানান। এসময় জাতীয় পতাকার ভাঁজ খোলা হয় ও নবদম্পতিকে সম্মানসূচক গার্ড দেওয়া হয়। নবদম্পতি অনুষ্ঠান মঞ্চে আরোহন করার পর রাজকীয় সেনাবাহিনীর ৫০ জন সেনা মার্চ করে এসে নবদম্পতিকে জাতীয় পতাকা উপহার দেন। তারা দু'হাতে জাতীয় পতাকা স্পর্শ করেন। এর আগে গত বৃহস্পতিবার ভুটানের রাজধানী থিম্পু থেকে ৭১ কিলোমিটার দূরে প্রাচীন রাজধানী পুনাখার এক দূর্গে রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক এবং রাণী জেটসান পেমার বিয়ে সম্পন্ন হয়। শুক্রবার সন্ধ্যায় নবদম্পতি পুনাখা থেকে রাজধানী থিম্পুর রাজপ্রাসাদে আসেন। শুক্রবার পুনাখা থেকে থিম্পু পর্যন্ত ৭১ কিলোমিটার প্রায় হেঁটেই আসেন নবদম্পতি। রাস্তার দুপাশে জড়ো হওয়া মানুষের শুভেচ্ছায় সারা দিতেই তারা অধিকাংশ রাস্তা হেঁটে আসেন। তবুও শনিবার ভোরে তারা যখন দজং এ আসেন তাদের বেশ প্রাণবন্ত ও নির্ভার দেখাচ্ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৩২ ঘ.