ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাজিল তার বাজারে টাটা ন্যানো গাড়ি ছাড়তে আগ্রহ প্রকাশ করেছে। ভারতে তৈরি ন্যানো বিশ্বের সবচেয়ে কমদামী গাড়ি।
প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে, সম্প্রতি মুম্বাইয়ে টাটা গ্রুপের চেয়ারম্যান রতন টাটার সঙ্গে সাক্ষাৎকারে এ আগ্রহ প্রকাশ করেছেন ব্রাজিলের মিনাস গেরেইস প্রদেশের গভর্নর অ্যান্তোনিও অগাস্তো আনাস্তাশিয়া।
আট দিনের ভারত সফরের সময় ব্রাজিলের এ প্রাদেশিক গভর্নর বলেন, "টাটা ন্যানো ব্রাজিলের বাজারে নেয়ার জন্য আমরা আগ্রহী।"
টাটা মোটর চলতি বছরের প্রথম থেকেই নেপাল ও শ্রীলংকায় ন্যানো রপ্তানি শুরু করেছে। এছাড়া বহির্বিশ্বের বাজারেও এ গাড়ি নিয়ে যাওয়ার চিন্তা করছে।
ব্রাজিল ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যকে শক্তিশালী করতে ব্রাজিলের তথ্য প্রযুক্তি, মোটরগাড়ি, জ্বালানি ও বিমানচালনার ক্ষেত্রে ভারত বিনিয়োগ করতে পারে বলেও তিনি জানিয়েছেন।
ভারতে এক অনুষ্ঠানে ব্রাজিলের এ গভর্নর বলেন, "ভারত ও ব্রাজিলের মধ্যে সুসম্পর্ক রয়েছে। আমরা একে আরো শক্তিশালী করতে চাই। আমরা বড় বড় কোম্পানিগুলোকে বিনিয়োগের আমন্ত্রণ জানাচ্ছি।"
২০১০-১১ সালে দু'দেশের মধ্যে ৭ দশমিক ৫১ বিলিয়ন ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩৫৯ ঘ.
bdnews24