লন্ডন, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এক ব্যবসায়ীর সঙ্গে বন্ধুত্ব এবং তার সঙ্গে সম্পর্কের ধরন নিয়ে সমালোচনার মুখে শুক্রবার পদত্যাগ করেছেন ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী লিয়াম ফক্স। পরিবহনমন্ত্রী ফিলিপ হ্যামন্ডকে নতুন প্রতিরক্ষামন্ত্রী করা হয়েছে।
৫০ বছর বয়সী ফক্স শুক্রবার প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কাছে পদত্যাগপত্র জমা দেন। 'ভুল করে' ব্যক্তিগত ও পেশাগত দায়িত্বকে এক করে ফেলার কথা উল্লেখ করে পদত্যাগপত্রে দুঃখ প্রকাশ করেছেন তিনি।
প্রধানমন্ত্রী ক্যামেরন বলেছেন, ফক্সকে এভাবে চলে যেতে হলো বলে তিনি দুঃখিত। মন্ত্রী থাকাকালে চমৎকারভাবে দায়িত্ব পালনের জন্য ফক্সকে ধন্যবাদ জানান তিনি।
অ্যাডাম ভেরিট্টি নামের ওই ব্যবসায়ীর সঙ্গে ফক্সের ঘনিষ্ঠতা নিয়ে গত এক সপ্তাহ ধরে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয় ব্রিটিশ গণমাধ্যমে। এতে বলা হয়, ভেরিট্টি যখন-তখন ফক্সের সঙ্গে দেখা করতেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে নিজেকে প্রতিরক্ষামন্ত্রীর উপদেষ্টা হিসেবে পরিচয় দিতেন।
এমনকি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় ১৮ বার একসঙ্গে বিদেশ ভ্রমণও করেছেন ফক্স ও ভেরিট্টি। তারা একসময় একই ফ্ল্যাটে থাকতেন বলেও খবর প্রকাশ করেছে ব্রিটিশ পত্রিকাগুলো।
ভেরিট্টির সঙ্গে সম্পর্ক নিয়ে ফক্সের বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগের তদন্ত চলছে। আগামী সপ্তাহেই এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে।
পদত্যাগপত্রে ফক্স বলেন, "আমি ভুলবশত ব্যক্তিগত ও সরকারী কাজকে এক করে ফেলেছি। সা¤প্রতিক দিনগুলোতে তার ফলাফল স্পষ্ট হয়ে উঠেছে। আমি এজন্য খুবই দুঃখিত।"
ভেরেট্টির কোনো সরকারি দায়িত্ব না থাকলেও গত ১৮ মাসে ফক্সের সঙ্গে অন্তত ৪০ বার সাক্ষাৎ করেছেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিদেশে এসব সাক্ষাতের সময় তিনি সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীদের সঙ্গে ফক্সের বৈঠকেও অংশ নেন।
অবশ্য প্রথম পর্যায়ে ভেরেট্টির সঙ্গে 'নিয়ম বহির্ভূত' সম্পর্কের অভিযোগ 'সম্পূর্ণ ভিত্তিহীন' বলে নাকচ করেছিলেন ফক্স।
আফগানিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান এবং লিবিয়ায় ন্যাটো বাহিনীর অংশ হিসেবে ব্রিটিশ বিমান হামলা পরিচালনার ক্ষেত্রে 'গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর' দায়িত্ব ছিলো ফক্সের ওপর।
কনজারভেটিভ দল থেকে ১৯৯২ সালে প্রথম ব্রিটেনের এমপি নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী জন মেজর সরকারের সময়ে পররাষ্ট্র দপ্তরের জুনিয়র মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে তিনি।
১৯৯৬ সালে শ্রীলঙ্কায় সরকার ও তামিল বিদ্রোহীদের মধ্যে অস্ত্রবিরতির জন্য মধ্যস্ততা করায় তার পরিকল্পনাকে অভিহিত করা হয় 'ফক্স পিস প্লান' নামে।
২০১০ সালের পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টিকে হারিয়ে লিবারেল ডেমোক্র্যাটদের সঙ্গে জোট সরকার গঠন করে কনজারভেটিভ পার্টি। কনজারভেটিভ নেতা ডেভিড ক্যামেরন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেন ফক্সকে।
শুক্রবার ফক্স পদত্যাগ করার পরপরই পরিবহনমন্ত্রী ফিলিপ হ্যামন্ডকে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছেন ক্যামেরন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএইচ/জেকে/০০০৫ ঘ.
bdnews24