ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঐতিহ্য মেনে প্রাচীন রাজধানী পুনাখায় বিয়ের আনুষ্ঠানিকতা শেষে ৭১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে থিম্পুতে পৌঁছেছেন ভুটানের রাজদম্পতি।
৩১ বছর বয়সী রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক এবং ২১ বছর বয়সী জেটসান পেমার বিয়ের অনুষ্ঠান সারা হয় বৃহস্পতিবারই। শুক্রবার সকাল সাড়ে ৭টায় সেখান থেকে তারা রওনা হন রাজধানীর উদ্দেশে।
পথে বিভিন্ন স্থানে রাস্তার পাশে দাঁড়িয়ে নববিবাহিত রাজা-রানীকে অভিবাদন জানায় লাখো জনতা। প্রতি পাঁচ মিনিট অন্তর গাড়ি থেকে নেমে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা প্রজাদের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করেন তারা।
পাহাড়ি পথের দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা মানুষের সঙ্গে হাসি মুখে শুভেচ্ছা বিনিময় করে রাজা ওয়াংচুক। নববধূর হাত ধরে 'প্রজাদের' মাঝে হেঁটে হেঁটে তাদের ভালোবাসায় সিক্ত হন।
ভুটানের তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব কিনলে দোর্জি ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে বলেন, "অসংখ্যবার রাজা গাড়ি থেকে নামেন এবং সাধারণ মানুষের সঙ্গে হাঁটতে থাকেন। মানুষকে সময় দিতে পচ্ছন্দ করেন তিনি।"
যাত্রাপথে প্রজাদের অভিবাদনের জবাব দিতে গিয়ে দুপুরের খাবারটাও খাওয়া হয়নি রাজদম্পতির। কখনো গাড়িতে, কখনো পায়ে হেঁটে পাঁচ ঘণ্টার পথ ১১ ঘণ্টায় পাড়ি দিয়ে তারা রাজধানীতে পৌঁছান সন্ধ্যায়।
কিনলে দোর্জি বলেন, "এই ভ্রমণের বেশিরভাগটাই রাজা-রানীকে হাঁটতে হয়েছে। রাস্তার পাশে অসংখ্য মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিল। রাজা তাদের পাশ কাটিয়ে আসতে চাননি। এ কারণে এতো সময় লেগেছে।"
রাজধানী থিম্পুতেও আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে রাজা ও রানীকে অভিনন্দন জানায় ভুটানিরা। তাদের স্বাগত জানাতে অন্তত ২৫ হাজার মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকেন। অনেকে পাঁচ ঘণ্টারও বেশি সময় অপেক্ষায় থাকেন নব বিবাহিত রাজা-রানীকে এক নজর দেখার জন্য।
এর আগে ২০০৮ সালের নভেম্বরে দেশের পঞ্চম রাজা হিসেবে অভিষেকের পর পুনাখা থেকে একইভাবে থিম্পু আসতে হয়েছিল রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। তখনও প্রজাদের অভিনন্দনে সিক্ত হয়েছিলেন তিনি।
তবে এবারের বিষয়টি পুরোপুরি আলাদা। পুনাখা থেকে এবার যাকে সঙ্গে নিয়ে থিম্পু এলেন রাজা, তার সঙ্গেই পাড়ি দিতে হবে জীবনের বাকি পথ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/২২২১ ঘ.
bdnews24