বৈরুত, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়াজুড়ে নতুন করে সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছে। দেশটির সবচেয়ে বড় রাষ্ট্রীয় ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
মানবাধিকার সংস্থা ' সিরিয়ান অবজারভেটরি ফর হিউমান রাইটস' বৃহস্পতিবার জানিয়েছে, সরকারি সেনাদের হামলায় উত্তরাঞ্চলীয় বানাশ শহরে ১০ জন নিহত হয়েছে।
দক্ষিণাঞ্চলীয় হারা শহরে অস্ত্রধারীদের হামলায় নিহত হয়েছে ৯ সেনা। হোমস শহরে নিহত হয়েছে আরেক সেনা।
সিরিয়ায় গত মার্চে প্রেসিডেন্ট আসাদ বিরোধী বিক্ষোভ শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ৩ হাজার মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। হাজার হাজার সিরীয় গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার কর্মীরা।
ব্রাসেলসে কূটনীতিকরা বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন বৃহস্পতিবার সিরিয়ার রাষ্ট্রীয় মারিকানাধীন কমার্শিয়াল ব্যাংককে নিষেধাজ্ঞার তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। ওয়াশিংটন অগাস্টে ব্যাংকটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬১৩ ঘ.
bdnews24