২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নারী সংকটে গুজরাটের সিয়ানি গ্রাম

ভারতে গুজরাট রাজ্যের কৃষিনির্ভর প্রত্যন্ত গ্রাম সিয়ানি। যেখানে বাড়ছে পুরুষের আধিক্য। অপ্রতুল হয়ে উঠছে নারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2011, 03:25 PM

Updated : 24 Aug 2022, 04:31 PM

সিয়ানি, ভারত, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতে গুজরাট রাজ্যের কৃষিনির্ভর প্রত্যন্ত গ্রাম সিয়ানি। যেখানে বাড়ছে পুরুষের আধিক্য। অপ্রতুল হয়ে উঠছে নারী। নারীর হার কমতে থাকায় গ্রামটিতে সব কাজেরই কাজী হয়ে উঠছে পুরুষ। আর তাদের বিয়ের জন্য প্রাত্রী পাওয়াও হয়ে উঠছে দুস্কর। নির্মাণ কাজ থেকে শুরু করে ঘরকন্যার সব কাজই করছে পুরুষরা। দল বেঁধে একসঙ্গেও থাকছে তারা। থাকা, খাওয়া, ঘুম সবই তারা একসঙ্গে করে। ফাঁকা ঘরের মেঝেতে তোশক ভাগাভাগি করে তারা ঘুমায়, সাধারণত বিবাহিত দম্পতিরা যেমন করে থাকে। গুটিকয়েক ছাড়া তাদের সবাই অবিবাহিত। নারীদের কাজগুলো পুরুষরা করে নিজেরাই, যেমন: ঝাড়– দেওয়া, রান্না কিংবা পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ। নারী-পুরুষের হারে বৈষম্যের কারণে সৃষ্ট জীবনধারার এ এক প্রকৃষ্ট উদাহরণ। এ বছরের শুরুর দিকে প্রকাশিত জরিপের তথ্যানুযায়ী, গ্রামটিতে জন্ম নেওয়া ১০০০ ছেলের অনুপাতে মেয়ের সংখ্যা ৯১৪ জন। ২০০১ সালের জরিপ অনুযায়ী, ছেলে-মেয়ের অনুপাত ছিল যথাক্রমে ১০০০ ও ৯৩৩ জন। পুরুষের তুলনায় নারীর হার যে কমছে এ থেকেই তা স্পষ্ট। সিয়ানি গ্রামের ২৩ বছর বয়সী কৃষক বিনোদভাই মেহতালিয়ার উক্তি, "১৫ বছর বয়স থেকে আমি বিয়ের জন্য পাত্রী খুঁজছি।" যুগ যুগ ধরে ছেলে সন্তানই কামনা করে আসছে ভারতীয়রা। কারণ তারাই আয়-রোজগার করে। তাই গর্ভের সন্তান মেয়ে হলে গর্ভপাত করা এবং মেয়ে শিশু হত্যার ফলে পুরুষের হার বাড়ছে। স্বল্প খরচে আলট্রাসাউন্ড টেস্টের মাধ্যমে শিশু ছেলে না মেয়ে তা আগে থেকেই টের পাওয়ার কারণে গর্ভপাতের সিদ্ধান্ত নেওয়া দিনদিনই সহজ হচ্ছে। ফলে বাড়ছে ছেলে-মেয়ের অনুপাতের তারতম্য। আর এরই প্রকৃষ্ট উদাহরণ সিয়ানি গ্রাম। নারীর অপ্রতুলতা যেখানে প্রকট হয়ে উঠছে। গ্রামটির জনসংখ্যা আনুমানিক ৮ হাজারের মতো। এর মধ্যে ৩৫ বছরের বেশি প্রায় ৩৫০ জন পুরুষ বিয়ে করার সুযোগ পাচ্ছে না। "আমি ভাগ্যবান, ২০ বছর আগে বিয়ে করেছি। এখন যুবক হলে কখনোই বিয়ে করতে পারতাম না," বলেছেন, গ্রামের ছোট্ট এক কারখানার কর্মী ৪২ বছর বয়সী লালজিভাই মাকওয়ানা। নারী সংকটের কারণে সমাজের প্রথাগত ক্ষেত্রেও আসছে পরিবর্তন। আগে মেয়ের পরিবার ছেলেকে যৌতুক দিত, আর এখন ঘটছে উল্টো ঘটনা। নারীর পক্ষই এখন বিয়ের জন্য ছেলেদের কাছে বড় অঙ্কের অর্থ দাবি করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১১৫ঘ.