দুবাই, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñআল কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরির নতুন ভিডিও প্রকাশ পেয়েছে বুধবার। এতে লিবীয়দের মতো আলজেরীয়দেরকেও নেতাদের বিরুদ্ধে বিদ্রোহে নামার ডাক দিয়েছেন তিনি।
তাছাড়া, ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা এবং আরব বিপ্লব সমর্থনের কোনো উদ্যোগ না নেওয়ায় মিশরের সেনা শাসকদের কটাক্ষও করেছেন জাওয়াহিরি।
তিনি বলেন, "আলজেরিয়ার সিংহরা! তিউনিসিয়া ও লিবিয়ায় তোমাদের ভাইদের দিকে তাকিয়ে দেখ, তারা তাদের শাসকদের ইতিহাসের আস্তাকুঁড়ে ছুড়ে ফেলেছে। সুতরাং তোমরা কেন তোমাদের স্বৈরশাসকের বিরুদ্ধে বিপ্লব করবে না?"
তিউনিসিয়া ও মিশরের সরকার বিরোধী আন্দোলনে অনুপ্রাণিত হয়ে বিরুদ্ধে বিক্ষোভ করে এবং ন্যাটোর সহযোগিতায় সশস্ত্র আন্দোলনের মাধ্যমে লিবিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফির প্রায় চার দশকের শাসনের পতন ঘটিয়েছে লিবীয়রা।
আরব দেশগুলোতে বিপ্লবের যে হাওয়া বইছে তার ছোঁয়া এখনো লাগেনি আলজেরিয়ায়। তবে প্রতিবেশী মরক্কো বিক্ষোভের দ্বারপ্রান্তে এসে সংবিধান সংশোধনের ওপর গণভোট দিয়েছে।
আলজেরীয়দের উদ্দেশ্যে আল কায়েদা নেতা বলেন, "বিশ্বজুড়ে মুসলিমরা তোমাদের কাছ থেকে জিহাদ ও দুর্নীতিগ্রস্ত একনায়কদের বিরুদ্ধে সংগ্রামের নিদর্শন দেখতে চায়।"
চলতি বছর ২ মে পাকিস্তানের সামরিক শহর অ্যাবোটাবাদে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর আল কায়েদার নেতা হন আয়মান আল-জাওয়াহিরি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮২৮ঘ.
bdnews24