২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে ১৮০'রও বেশি রাজবন্দির মুক্তি

সাধারণ ক্ষমার অংশ হিসেবে বুধবার ১৮০ জনেরও বেশি রাজবন্দিকে মুক্তি দিয়েছে মিয়ানমার সরকার। মানবাধিকার কর্মীদের বরাত দিয়ে বিবিসি এ খবর দিয়েছে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2011, 10:52 AM

Updated : 24 Aug 2022, 04:31 PM

ইয়াঙ্গুন, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সাধারণ ক্ষমার অংশ হিসেবে বুধবার ১৮০ জনেরও বেশি রাজবন্দিকে মুক্তি দিয়েছে মিয়ানমার সরকার। মানবাধিকার কর্মীদের বরাত দিয়ে বিবিসি এ খবর দিয়েছে । মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সাংবাদিক, গণতন্ত্রপন্থী কর্মী, সরকারের সমালোচক, সরকারবিরোধী বিক্ষোভে জড়িত বৌদ্ধ ভিক্ষুসহ দেশটিতে বৃহত্তর স্বায়ত্তশাসনের জন্য সংগ্রাম করে আসা জাতিগত দলগুলোর সদস্যরা। এছাড়া মুক্তি পেয়েছেন দেশটির জনপ্রিয় এক কৌতুক অভিনেতা ও ভিন্নমতাবলম্বী জারগানারও। ২০০৮ সালে প্রকাশ্যে সরকারের সমালোচনা করার কারণে জারগানারকে আটক করা হয়েছিলো। মিয়ানমারের বিরোধী দলীয় নেত্রী অং সান সু চি বন্দি মুক্তির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। রয়টার্স বার্তা সংস্থা মিয়ানমারের উর্ধ্বতন এক কারা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এ পর্যন্ত ৩ শ' বন্দি মুক্তি পেয়েছে এবং অনেকেই এখনো আটক আছে। এর আগের খবরে সু চি প্রায় ১শ' রাজবন্দির মুক্তি পাওয়ার কথা জানান। বন্দি মুক্তির জন্য কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি আরও বন্দি মুক্তির আশা প্রকাশ করেন তিনি। মুক্তিপ্রাপ্ত বন্দিদের পরিবার-পরিজন ও সমর্থকদের সমাবেশে সু চি বলেন, "আশা করছি আরো বন্দিকে মুক্তি দেয়া হবে। যত বেশি রাজনৈতিক বন্দিকে মুক্তি দেয়া হবে ততই দেশের মঙ্গল।" তিনি আরো বলেন, "আমি সব সময়ই বলি ব্যক্তি স্বাধীনতা অমূল্য। রাজনৈতিক বন্দিদের মুক্তি দেয়ায় আমি সত্যিকার অর্থেই কৃতজ্ঞ।" মঙ্গলবার মিয়ানমার সরকারের পক্ষ থেকে জানানো হয়, রাজনৈতিক কারণে আটক ৬ হাজারেরও বেশি কারাবন্দিকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন মিয়ানমারের এ পদক্ষেপকে উৎসাহব্যঞ্জক বলে বর্ণনা করেছেন। তবে বলেছেন, এর বিনিময়ে যুক্তরাষ্ট্রের কোনো পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়ার সময় এখনো আসেনি। মিয়ানমারের ওপর থেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে ২ হাজার ১শ' রাজবন্দিকে মুক্তি দেওয়ার বিষয়টি একটি গুরুত্বপূর্ণ শর্ত। মাধবাধিকার লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও ইইউ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৪৭ঘ.