জেরুজালেম/গাজা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আটক এক ইসরায়েলি সেনার বিনিময়ে এক হাজারেরও বেশি ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে সম্মত হয়েছে ইসরায়েল ও গাজার হামাস দলীয় সরকার ।
হামাসের হাতে আটক ওই ইসরায়েলি সেনার নাম গিলাদ শালিত। মঙ্গলবার ইসরায়েল ও হামাসের মধ্যে এ বিষয়ে সমঝোতা হয়।
মিশর ও জার্মানির মধ্যস্থতাকারীরা বন্দি বিনিময়ে দু'পক্ষকে রাজি করায়।
শালিতকে মুক্ত করে আনতে সাধারণ ইসরায়েলিদের অব্যাহত চাপে ছিলেন প্রধানমন্ত্রী বেননিয়ামিন নেতানিয়াহু। এই অসম বন্দি বিনিময়ে নেতানিয়াহু মন্ত্রিসভা থেকে ব্যাপক সমর্থন পান।
"শালিত তার পরিবারের সাথে আবার মিলিত হবে," বলেন নেতানিয়াহু।
এ চুক্তিতে গাজার ফিলিস্তিনিরা ফাঁকা গুলি ছুঁড়ে উল্লাস প্রকাশ করেছে।
২০০৬ সালে শালিতকে আটক করে হামাস যোদ্ধারা। আটকের পর থেকে শালিতকে উদ্ধারে গাজায় অনেক বার অভিযান চালায় ইসরায়েল। কিন্তু ইসরায়েলের সব প্রচেষ্টাই ব্যর্থ হয়।
এই বন্দি বিনিময় ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনায় সরাসরি কোন প্রভাব ফেলবে না। তবে এর ফলে ফিলিস্তিন- ইসরায়েল শান্তি আলোচনা আবার শুরু করার আন্তর্জাতিক উদ্যোগে ইতিবাচক প্রভাব পড়বে বলে বিশ্লেষকদের ধারণা।
ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণ অব্যাহত রাখা ও পরবর্তীতে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির জন্য জাতিসংঘে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আবেদন জানালে শান্তি আলোচনার সম্ভাবনা অনেকটাই দূরে সরে যায়।
হামাস নেতা খালেদ মেশাল জানিয়েছেন, ইসরায়েল মোট ১ হাজার ২৭ জন বন্দিকে মুক্তি দেবে। এর মধ্যে এক সপ্তাহের মধ্যে শাতিলের বিনিময়ে ৪শ' ৫০ জন বন্দিকে মুক্তি দেবে। বাকীদের পরবর্তী দুই মাসের মধ্যে মুক্তি দেওয়া হবে।
ইসরায়েল থেকে মুক্তি পেতে যাওয়া বন্দিদের মধ্যে ২৭ জন ফিলিস্তিনি নারী রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪১১ ঘ.
bdnews24