কায়রো, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরে ২৫ জন খ্রিস্টান বিক্ষোভকারী নিহত হওয়ার ঘটনায় সেনাবাহিনীর ওপর প্রচন্ড ক্ষুব্ধ হয়ে উঠেছে মিশরের খ্রিস্টান সম্প্রদায়। তারা ক্ষমতাসীন সেনা পরিষদের প্রধান ফিল্ড মার্শাল মোহামেদ হুসেন তানতাবির পদত্যাগ দাবী করেছে।
মিশরের রাজধানী কায়রোতে রোববার সেনাপুলিশের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সংঘর্ষে ২৫ জন নিহত হয়।
একটি চার্চে হামলার প্রতিবাদে খ্রিস্টান ধমার্বলম্বীরা বিক্ষোভ করার সময় সেনাপুলিশের সাথে সংঘর্ষে ওই নিহতের ঘটনা ঘটে।
রাষ্ট্রীয় টেলিভিশন ভবনের সামনের ওই বিক্ষোভে সেনাপুলিশ সাঁজোয়া যান নিয়ে ঢুকে পড়লে হতাহতের সংখ্যা বেড়ে যায়।
এ ঘটনায় মিশরীয় নাগরিকদের মধ্যে শান্তিপূর্ণভাবে গণতন্ত্রে উত্তরণে সেনাবাহিনীর সামর্থ্য নিয়ে সন্দেহ আরো ঘনীভূত হয়েছে।
কয়েক বছর ধরেই মিশরে সংখ্যাগরিষ্ঠ মুসলামান ও সংখ্যালঘু খ্রিস্টানদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো। মুবারকের পতনের পর কট্টর মুসলিম বিভিন্ন গোষ্ঠীর ওপর বিধিনিষেধ উঠে যাওয়ায় বিরোধ প্রকাশ্য হয়ে পড়ে।
তবে রোববারের সহিংসতার জন্য বিরোধী সব রাজনৈতিক দল একযোগে সেনাবাহিনীর সমালোচনা করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বিক্ষোভে দমনে সেনাবাহিনীর হঠকারী আচরণের সমালোচনা করে বেসামরিক প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের সময়সীমা নির্ধারণ না করায় উদ্বেগ প্রকাশ করে।
সোমবার রাতে কায়রোর প্রধান চার্চ থেকে কয়েক হাজার খ্রিস্টান বিক্ষোভকারী মিছিল নিয়ে শহরের খ্রিস্টান হাসপাতালের দিকে এগিয়ে যায়। রোববারের ঘটনায় আহতদের এখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
এসময় তারা ধর্মীয় ঐক্য ও সেনা পরিষদ প্রধান তানতাবির পদত্যাগের দাবিতে শ্লোগান দেয়। মিছিলকারীদের মধ্যে অনেকে অভিযোগ করে, মুসলিম ব্রাদারহুড বা সালাফিপন্থী কোন কট্টর মুসলিম সংগঠন বিক্ষোভ করার সময় সেনাবাহিনী বিপরীত আচরণ করে।
অনেকে ক্ষোভ প্রকাশ করে মিশর আর তাদের দেশ নয় বলে অভিযোগ করে।
'মিশরের শান্তি ফিরিয়ে আনার' উদ্দেশে চার্চের পুরোহিতরা তিনদিন উপোষ করার ঘোষণা দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৩৬ ঘ.
bdnews24