সির্তে, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-লিবিয়ার অন্তবর্তী শাসকগোষ্ঠী ন্যাশনাল ট্রান্সিশনাল কাউন্সিলের (এনটিসি) সেনারা সির্তের কেন্দ্রস্থলে ক্ষমতাচ্যুত নেতা মুয়াম্মার গাদ্দাফির নিরাপত্তা দপ্তরগুলোতে হামলা করেছে।
এ ভবনগুলো দখল করতে পারলেই সির্ত তাদের পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে বলে ধারণা করা হচ্ছে।
শহরটি নিয়ন্ত্রণে নেয়ার লক্ষ্যে দু'পক্ষের তুমুল লড়াইয়ে বেসামরিক হতাহতের সংখ্যা অনেক বেশি হতে পারে ধারণা করা হচ্ছে। আর তা হলে লড়াই শেষে পুরো দেশকে ঐকবদ্ধ্য করা ন্যাশনাল ট্রান্সিশনাল কাউন্সিলের (এনটিসি)'র জন্য কঠিন হয়ে দাঁড়াতে পারে।
সির্তে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বলে দাবি করে আসছে এনটিসি। তবে গাদ্দাফি বাহিনীর শেষ মরিয়া লড়াইয়ে মুখে এনটিসির যোদ্ধারা মাঝে মধ্যেই হোঁচট খাচ্ছে। তিনদিক থেকে অবরুদ্ধ এ শহরে রোববার রাত নেমে আসার পরপরই গাদ্দাফির নিরাপত্তা ভবনগুলোতে হামলা শুরু হয়েছে।
ঘটনাস্থল থেকে কর্নেল সালাম আল শালমানি রয়টার্সকে বলেন, "আমরা এখন সির্তের কেন্দ্রস্থলে রয়েছি। তারা এখান থেকে আধ কিলোমিটার দূরে নিরাপত্তা ভবনগুলোতে রয়েছে। এর দখল নিতে পারলেই লড়াই শেষ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭৫২ঘ.
bdnews24