২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'জবস চাইতেন সন্তানরা যেন তাকে বুঝতে পারে'

স্টিভ জবস চাইতেন, কেন তিনি সবসময় সন্তানদের সঙ্গে থাকতে পারেন না বা তাদের পর্যাপ্ত সময় দিতে পারেন না, তারা যেন তা বুঝতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2011, 05:57 AM

Updated : 24 Aug 2022, 04:30 PM

কুপারটিনো, ক্যালিফ/সানফ্রান্সিসকো, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্টিভ জবস চাইতেন, কেন তিনি সবসময় সন্তানদের সঙ্গে থাকতে পারেন না বা তাদের পর্যাপ্ত সময় দিতে পারেন না, তারা যেন তা বুঝতে পারে। জবসের জীবনীলেখক ওয়াল্টার ইসাকসন একথা জানান। ইসাকসনকে দেওয়া সাক্ষাৎকারে জবস বলেন, "আমি চাইতাম আমার সন্তানরা যেন আমাকে জানতে পারে।" লিসা, রিড, ইরিন এবং ইভ নামে জবসের চার সন্তান রয়েছে। জবস ১৯৯১ সালের ১৮ মার্চ জবস লরেন পোয়েলকে বিয়ে করেন। জবস-পোয়েলের দাম্পত্যজীবনে রিড, ইরিন ও ইভ নামে তিন সন্তানের জন্ম হয়। জবসের প্রথম সন্তান লিসার জন্ম হয় ১৯৭৮ সালে। তার ওই সন্তানের জন্ম হয় প্রণয়ঘটিত সম্পর্কের মধ্যদিয়ে। তবে দীর্ঘদিন জবস ওই সন্তানের পিতৃত্ব স্বীকার করেন নি। কেননা লিসার জন্মদাতা জবস কিনা এ ব্যাপারে জবসের নিজের মধ্যে সন্দেহ ছিল। কিন্তু জিন টেস্টের মাধ্যমে প্রমাণিত হওয়ার পর লিসাকে সন্তান হিসেবে গ্রহণ করেন জবস। ক্যালিফোর্নিয়ার পালো আল্টোতে নিজ বাড়িতে দেওয়া শেষ সাক্ষাৎকারে জবস বলেন, "আমি তাদের জন্য সবসময় সেখানে ছিলাম না এবং আমি চাইতাম, তারা যেন এর কারণ জানতে পারে ও আমি কি করি তা বুঝতে পারে।" ইসাকসন জানান, কয়েক সপ্তাহ আগে তিনি শেষ বারের মতো জবসের সঙ্গে সাক্ষাত করেন। সেসময় অসুস্থতার কারণে জবস নিচতলার একটি কক্ষে ছিলেন। তিনি খুবই দুর্বল ছিলেন। "তবে অসুস্থ হলেও মানসিকভাবে খুবই উৎফুল্ল ছিলেন তিনি," ইসাকসন বলেন। টাইম ডট কমে লেখা এক প্রবন্ধে ইসাকসন এসব কথা বলেন। ম্যাগাজিনটির অক্টোবরের ১৭ তম সংস্করণে এটি প্রকাশিত হওয়ার কথা রয়েছে। দীর্ঘদিন অগ্ন্যাশয়ের ক্যান্সারে ভুগে বুধবার জবসের (৫৬) মৃত্যু হয়। ২০০৪ সালে এ রোগ ধরা পড়লেও এ বিষয়ে কাউকেই তেমন কিছু জানান নি কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের অন্যতম প্রতিষ্ঠাতা জবস। চলতি বছরের অগাস্ট মাসে তিনি পদত্যাগ করেন। আর এর কারণ হিসেবে জানান, প্রধান নির্বাহী হিসেবে তিনি আর দায়িত্ব পালন করতে পারছেন না। তার মৃত্যুতে রাষ্ট্রীয় নেতা, ব্যবসায়ী প্রতিদ্বন্দ্বী ও সারা বিশ্বের অগণিত ভক্তসহ অসংখ্য মানুষ শ্রদ্ধা জানিয়েছে। তার শেষকৃত্যের বিষয়ে অবশ্য এখনও কিছু জানানো হয় নি। তবে কর্মকর্তারা জানান, রাষ্ট্রীয়ভাবে বা সর্বসাধারণের জন্য শেষকৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হবে না। টোকিও ও প্যারিস থেকে সান ফ্রান্সিসকো ও নিউ ইয়র্কের অ্যাপল স্টোরের বাইরে ভক্তরা ফুল ও মোমবাতি দিয়ে জবসের প্রতি শ্রদ্ধা জানায়। জবসকে শ্রদ্ধা জানাতে সিলিকন ভ্যালির কর্পোরেট সদরদপ্তরে বৃহস্পতিবার কোম্পানির সাবেক ও বর্তমান কর্মীরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে হাজির হন। অ্যাপলের সাবেক কর্মী গ্লেন হারাডা (২২) বলেন, "তিনি খুবই অন্তর্মুখী ছিলেন। অথচ তার উদ্ভাবিত সব পণ্যেই তিনি রয়েছেন। তিনি সবাইকে নিয়েই কাজ করতেন, কিন্তু এসবের কিছুই তাকে ছাড়া সম্ভব হতো না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১৩২ ঘ.