বেইজিং, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনে একটি প্রাইভেট কারের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই কলেজ শিক্ষার্থী।
শুক্রবার বিকালে রাজধানী বেইজিংয়ের নিকটবর্তী তিয়ানজিন শহরে এ দুর্ঘটনা ঘটে।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া শনিবার জানায়, দুর্ঘটনায় ১৯ জন আহত হয়েছেন। শানডং প্রদেশ থেকে ছেড়ে আসা একটি কারের সঙ্গে সংঘর্ষের পর বাসটি উল্টে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে।
ওই বাসে ৫৫ জন যাত্রী ছিলেন। তাদের বেশির ভাগই ছিলেন কলেজ শিক্ষার্থী। সাত দিনের সরকারি ছুটি কাটিয়ে বাসে করে কলেজে ফিরছিলেন তারা।
এছাড়া এদিন পৃথক সড়ক দুর্ঘটনায় দেশটির পূর্বাঞ্চলীয় আনহুই প্রদেশে ১০ জন এবং মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশে ১১ জনের মৃত্যু হয়েছে।
চীনের রাষ্ট্রীয় হিসাব অনুযায়ী, গত বছর সড়ক দুর্ঘটনায় দেশটিতে ৬৫ হাজার মানুষ নিহত এবং দুই লাখ ৫৪ হাজার আহত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএইচ/২০০৪ ঘ.
bdnews24