ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে 'ওয়ালস্ট্রিট দখল আন্দোলন' ২০তম দিনে পড়ছে বৃহস্পতিবার। সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোর কল্যাণে তা ছড়িয়ে পড়ছে অন্যান্য শহরেও।
এই আন্দোলনের সমর্থনে বুধবার কয়েক হাজার মানুষ বিক্ষোভ-মিছিল শুরু করলে ২৮ জনকে গ্রেপ্তার করে নিউ ইয়র্ক পুলিশ। এর আগে গত শনিবার সাতশোরও বেশি আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয়। সামনে আরো বড় আকারে বিক্ষোভ করার পরিকল্পনা নিয়েছে আন্দোলনকারীরা।
ওয়ালস্ট্রিটের আর্থিক প্রতিষ্ঠানগুলোর 'কর্পোরেট লোভের' বিরুদ্ধে এই আন্দোলনকারীরা বলছে, দেশের অধিকাংশ মানুষের স্বার্থ রক্ষা করতে হলে ধনীদের ওপর আরো কর আরোপ করতে হবে।
শিক্ষার্থী ও সদ্য শিক্ষাজীবন শেষ করেছে- এমন বেকার যুবকরা দুই সপ্তাহ আগে 'অকুপাই ওয়াল স্ট্রিট' নামে এ আন্দোলনের সূচনা করে। তখনে থেকেই লোয়ার ম্যানহাটনের জুকোট্টি পার্কে তাবু টাঙিয়ে অবস্থান করছে তারা।
ব্যক্তি মালিকানাধীন ওই পার্ক থেকে বুধবার কয়েক হাজার মানুষের একটি বিক্ষোভ মিছিল ফোলি স্কয়ারের দিকে এগোতে শুরু করলে পুলিশের সঙ্গে তাদের হাতাহাতি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
২০ দিন ধরে চলা এই আন্দোলনে বুধবারই সবচেয়ে বেশি মানুষ বিক্ষোভে অংশ নেয়।
আন্দোলনকারীদের অভিযোগ, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক কেন্দ্র ওয়ালস্ট্রিটের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো শুধু ধনীদের স্বার্থ রক্ষা করছে, যাদের পরিমাণ দেশের মোট জনসংখ্যার মাত্র এক শতাংশ।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, টুইটার ও অন্যান্য সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের মাধ্যমে অন্য শহরগুলোতেও সংগঠিত হচ্ছে ওয়ালস্ট্রিট বিরোধীরা। এ সপ্তাহের শুরুর দিকে বেশ কয়েকটি পেশাজীবীদের ইউনিয়নও এ আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে।
বুধবার নিউ ইয়র্কের পাশাপাশি বোস্টোন, হার্টফোর্ড, কানেক্টিকাট ও সিয়াটলেও বিক্ষোভ হয়। ওয়ালস্ট্রিট দখল আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বৃহস্পতিবার রাজধানী ওয়াশিংটন, টাম্পা ও ফ্লোরিডায় বিক্ষোভ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/এএইচ/জেকে/০০১৭ ঘ.
bdnews24