আম্মান, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় সরকারবিরোধী আন্দোলনকারীদের ওপর সরকারের দমনপীড়নের অভিযোগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা এক নিন্দা প্রস্তাবে ভেটো দিয়েছে চীন ও রাশিয়া। আর এ বিষয়টিকে সিরিয়া তার কূটনৈতিক বিজয় হিসেবে দেখছে।
ভেটো এড়ানোর লক্ষ্যে ইউরোপের কয়েকটি দেশ উত্থাপিত এই খসড়া এ প্রস্তাবে সিরিয়ার বিরুদ্ধে সরাসরি নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বাদ দেওয়া হয়েছে। কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না।
ব্রিটেন, জার্মানি ও পর্তুগালের সহযোগিতায় ফ্রান্স এ খসড়া প্রস্তাব তৈরি করে বলে বিবিসি জানায়।
ভেটো ক্ষমতা প্রয়োগ প্রসঙ্গে মস্কো ও বেইজিং জানায়, সিরিয়ায় বহিরাগত সেনাবাহিনীর হস্তক্ষেপের বিরুদ্ধে এ প্রস্তাবে কোনো ধারা যোগ করা হয় নি।
১৫ সদস্য বিশিষ্ট জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৯ সদস্যই এই খসড়া প্রস্তাবে সমর্থন জানিয়েছে। ৪টি দেশ ভোটদানে বিরত থাকে।
জাতিসংঘের মার্কিন প্রতিনিধি জানান, এই ভোটের মাধ্যমে ওয়াশিংটনকে 'অপমান' করা হয়েছে।
ফ্রান্সের রাষ্ট্রদূত গেরার্ড আরাউদ নিরাপত্তা পরিষদে বলেন, "এই ভেটো আমাদের বিরত রাখতে পারবে না। কোনো ভেটোই সিরিয়া কর্তৃপক্ষকে যা খুশি তা করার নিরঙ্কুশ ক্ষমতা দিতে পারবে না।"
জাতিসংঘে চীনের প্রতিনিধি লি বাওডং একে 'সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ' দাবি করে বলেন, বর্তমান পরিস্থিতিতে নিষেধাজ্ঞা আরোপ বা নিষেধাজ্ঞা আরোপের হুমকি প্রদানের মাধ্যমে সিরিয়ার সমস্যার সমাধান সম্ভব নয়। বরং এতে সমস্যা আরো জটিল হতে পারে।
ইউরোপীয় দেশগুলো এ প্রস্তাবের বিষয়বস্তু তিনবার পরিবর্তন করেছে। তারা রাশিয়া ও চীনের অভিযোগগুলো এতে অন্তর্ভুক্ত করার চেষ্টাও চালায়।
সিরিয়ায় চলমান সহিংসতা অব্যাহত থাকলে সেখানে অবরোধ আরোপের পরিবর্তে 'সুনির্দিষ্ট বিষয়ে' ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে খসড়া প্রস্তাবে।
এরআগে রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী জেন্নাডি গাতিলোভ এই খসড়া প্রস্তাবকে 'অগ্রহণযোগ্য' মন্তব্য করেছেন বলে দেশটির ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থা জানায়।
তিনি বলেন, এই প্রস্তাব ভবিষ্যতে অবরোধ আরোপের ছবিই আঁকছে এবং এতে প্রেসিডেন্ট আসাদের প্রতি বিরোধী পক্ষের সাথে আলোচনায় বসারও কোনো আহ্বান জানানো হয় নি।
সিরিয়ার সরকার জানায়, সংস্কার ও বিরোধী দলের সঙ্গে আলোচনায় বসার প্রক্রিয়া চলছে। আর সে সময়কার অসন্তোষের জন্য তারা সশস্ত্র বাহিনীকে দোষারোপ করেছে।
জাতিসংঘের হিসেব অনুযায়ী, গত মার্চ মাসে এ আন্দোলন শুরু হওয়ার পর ২ হাজার ৭শ'রও বেশি মানুষ নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১৩৭ ঘ.
bdnews24