ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক আফগান প্রেসিডেন্ট ও শান্তি আলোচক বুরহানুদ্দিন রব্বানির হত্যাকারী একজন পাকিস্তানি।
তদন্তকারীদের উদ্ধৃতি দিয়ে আফগানিস্তানের প্রেসিডেন্টের এক বিবৃতিতে রোববার একথা জানানো হয়েছে।
বিবৃতিটি উল্লেখ করে বিবিসি জানায়, রব্বানি হত্যা মামলার সাক্ষ্য প্রমাণে দেখা গেছে, পাকিস্তানের শহর কোয়েটায় এ হত্যার ষড়যন্ত্র হয়েছে।
২০ সেপ্টেম্বর নিজ বাড়িতে তালেবান সদস্যদের সঙ্গে বৈঠকের সময় আত্মঘাতী হামলায় নিহত হন বুরহানুদ্দিন রব্বানি।
এ হত্যাকাণ্ডের জন্য আফগান কর্মকর্তারা ইতোমধ্যেই পাকিস্তানকে দায়ী করেছেন।
রব্বানি হত্যাকাণ্ডের পর আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেন, তার সরকার আর তালেবানদের সঙ্গে শান্তি আলোচনা করবে না, বরং এ ব্যাপারে পাকিস্তানের দিকে দৃষ্টি দেবে।
প্রশ্ন তুলে তিনি বলেন, "শান্তি প্রক্রিয়ার অপর পাশে কে আছে?"
"আমাদের সঙ্গে শান্তি আলোচনার অপরপিঠে যে পাকিস্তান আছে এ ছাড়া অন্য আর কোনো জবাব দেওয়ার নেই," বলেন কারজাই।
নিহত বুরহানুদ্দিন রব্বানি তালেবানদের সঙ্গে আলোচনায় নিয়োজিত শান্তি পরিষদের প্রধান ছিলেন।
শান্তি পরিষদ বলেছে, কোয়েটার তালেবান হাই কমান্ডের সঙ্গে তাদের যোগাযোগ ছিলো। সেই হাই কমান্ডই তাদেরকে বলেছিলো যে, কাবুলে একজন বার্তাকাহক পাঠানো হবে।
পরে হত্যাকারী তালেবানদের একজন শান্তির বার্তাবাহকের ভান করে রব্বানির সঙ্গে দেখা করতে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮৫৩ঘ.
bdnews24