জেদ্দাহ, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহ কোনো আলোচনা বা শলাপরামর্শ ছাড়াই নারীদেরকে রাজনৈতিক অধিকার দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন দেশটির শীর্ষস্থানীয় এক ধর্মীয় নেতা।
সৌদি আরবের ঊর্ধ্বতন ধর্মীয় নেতাদের পরিষদের সদস্য শেখ সালেহ আল-লোহাইদান অভিযোগ করে বলেন, বাদশাহ সিদ্ধান্ত নেওয়ার আগে তার সঙ্গে পরামর্শ করেননি।
কিন্তু গত সপ্তাহে দেওয়া ভাষণে বাদশাহ আবদুল্লাহ নারীদের জন্য রাজনৈতিক অধিকারের প্রতিশ্র"তি ঘোষণা করার সময় বলেছিলেন, দেশের ঊর্ধ্বতন ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনার পরই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
শুক্রবার টেলিভিশন চ্যানেল আল-মাজদকে আল লোহাইদান বলেন, "বাদশাহ বিষয়টি নিয়ে ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনা করার কথা না বললেই পারতেন। আমি বাদশাহের ভাষণ শুনেছি এবং আলোচনার ব্যাপারে যা বলা হয়েছে তাও শুনেছি। আমি নিঃসন্দেহেই বলতে পারি যে, বাদশাহর ভাষণের আগে আমি এ বিষয়টি জানতাম না।"
বাদশাহ আবদুল্লাহ সৌদি আরবের নারীদের ভোটাধিকার ও নির্বাচনে প্রার্থী হতে দেওয়ার প্রতিশ্র"তি ঘোষণার পর এই প্রথম কেউ অসন্তোষ প্রকাশ করল।
তবে সৌদি ধর্মীয় নেতা লোহাইদান বাদশাহের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করলেও সরাসরি তার সমালোচনা করেননি।
তিনি বাদশাহর সিদ্ধান্তকে সমর্থন জানানো বা এর বিরোধিতা না করলেও একটি আরবি প্রবাদ বলে সতর্ক করেছেন। যার অর্থ হল, "খুব জোরে টানা হলে নেতা ও জনগণের মধ্যকার যোগসূত্রটি ছিঁড়ে যায়।"
বাদশাহ আব্দুল্লাহ গত সপ্তাহে এক ঘোষণায় জানান, আগামী নির্বাচনে সৌদি নারীরা ভোট দিতে পারবে এবং পরবর্তী পৌরসভা নির্বাচনে প্রার্থীও হতে পারবে। এছাড়া বাদশাহর নীতি নির্ধারণ বিষয়ক পরামর্শ পরিষদ 'শূরা কাউন্সিল' এও তারা নিয়োগ পাবে।
কট্টর ইসলামি রাষ্ট্র সৌদি আরবের বাদশাহর এ সংস্কার ঘোষণাকে দেশটিতে নারী অধিকারের প্রেক্ষাপটে যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।
কিন্তু দেশটির রক্ষণশীল ধর্মীয় নেতারা বাদশাহের সংস্কারের চিন্তাভাবনায় সন্তুষ্ট নয়।
২০০৯ সালে সৌদি আরবে প্রথম একটি বিশ্ববিদ্যালয়ে সহশিক্ষা চালু করা হলে এক ধর্মীয় নেতা বিষয়টির সমালোচনা করেন। কিন্তু এরপর তাকে তাৎক্ষণিকভাবে তার পদ থেকে সরিয়ে দেয়া হয়।
লোহাইদানকেও দেশটির সর্বোচ্চ বিচারিক আদালত থেকে সরিয়ে দেয়া হয়েছে।
সৌদি টেলিভিশনের কয়েকজন নির্বাহী কর্মকর্তাকে হত্যার আহ্বান সম্বলিত একটি ধর্মীয় অনুশাসন জারির পর তাকে সরিয়ে দেওয়া হয়। তবে তিনি এখনও ২০ সদস্য বিশিষ্ট ধর্মীয় পরিষদের সদস্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭৩৫ ঘ.
bdnews24