ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-তালেবানের সঙ্গে চলমান শান্তি আলোচনা বাতিল করে দিয়েছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই।
তিনি বলেছেন, বোরহানুদ্দিন রব্বানির হত্যাকাণ্ড বরং তাকে পাকিস্তানের সঙ্গে আলোচনা করার প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দিয়েছে।
শনিবার দেশটির জ্যেষ্ঠ ধর্মীয় নেতাদের একটি পরিষদের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন।
সাবেক আফগান প্রেসিডেন্ট রোবহানুদ্দিন রব্বানি আফগান গৃহযুদ্ধের শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধানে তালেবানের সঙ্গে শান্তি আলোচনার প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছিলেন। তালেবান প্রতিনিধিরা আলোচকের ছদ্মবেশে এসে আত্মঘাতী হামলা চালিয়ে তাকে হত্যা করে।
বৈঠকে কারজাই বলেন, শান্তি আলোচনা করার মতো কোনো নেতা তালেবানদের মধ্যে নেই। শান্তি আলোচনার জন্য তালেবান নেতা মোল্লা ওমরকে পাওয়া সম্ভব নয় বলে জানান তিনি।
তিনি প্রশ্ন করেন, "কোথায় মোল্লা ওমর? তালেবানের মজলিশে শুরাও আমরা খুঁজে পাইনি, এটি কোথায়?"
"শান্তি আলোচকের ছদ্মবেশে একজন বার্তাবাহক তালেবানের শুরার সদস্য সেজে এসে হত্যা করলো, তারা এর দায়িত্ব স্বীকারও করলো না, অস্বীকারও করলো না। এ অবস্থায় আমরা পাকিস্তান ছাড়া অন্য কারো সঙ্গে আলোচনা চালিয়ে যেতে পারি না," বলেন কারজাই।
" শান্তি আলোচনার অপর পক্ষ কারা? আমার কাছে কোন উত্তর নেই, কিন্তু বললে বলতে হয় পাকিস্তানই আমাদের সঙ্গে শান্তি আলোচনায় আরেকটি পক্ষ।"
আফগান ধর্মীয় নেতাদের ওই পরিষদের সদস্যরা আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার জন্য রব্বানির প্রচেষ্টার প্রশংসাা করেন এবং কঠোর ভাষায় তার হত্যার নিন্দা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/জিএনএ/১৬৩৭ ঘ.
bdnews24