২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তাল মিশর, তাহরির স্কয়ার জনসমুদ্র

প্রেসিডেন্ট হোসনি মোবারকের পদত্যাগ দাবিতে মিশর বিক্ষোভে উত্তাল। রাজধানী কায়রোয় বিক্ষোভকারীরা তাহরির স্কয়ারে সমবেত হওয়ায় বিক্ষোভ আরো জোরদার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2011, 04:04 AM

Updated : 24 Aug 2022, 02:25 PM

কায়রো, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রেসিডেন্ট হোসনি মোবারকের পদত্যাগ দাবিতে মিশর বিক্ষোভে উত্তাল। রাজধানী কায়রোয় বিক্ষোভকারীরা তাহরির স্কয়ারে সমবেত হওয়ায় বিক্ষোভ আরো জোরদার হয়েছে। পদত্যাগের জন্য প্রেসিডেন্ট মোবারকের ওপর দেশে ও বিদেশে জোড়ালো চাপ সৃষ্টি হয়েছে। তার ভাগ্য এখন সেনাবাহিনীর ওপর নির্ভর করছে বলে পর্যবেক্ষকরা ধারণা করছেন। কায়রোর তাহরির স্কয়ার এখন বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে। তারা সোমবার তাহরির স্কয়ারে জড়ো হয়। প্রেসিডেন্ট মোবারক পদত্যাগ না করা পর্যন্ত তারা সেখান থেকে সরে যাবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। রাজপথে সেনা ও ট্যাঙ্ক মোতায়েন রয়েছে। তবে বিক্ষোভকারীদের সঙ্গে সৈন্যদের বিরোধ বা সংঘর্ষের কোন ঘটনা ঘটেনি। বরং তাদের মধ্যে সহাবস্থানের মনোভাব দেখা গেছে। অনেক স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে সৈন্যদের খাবার ভাগাভাগি করে নিতে দেখা যায়। মিশরে গণবিক্ষোভ সোমবার পর্যন্ত সপ্তম দিবসে গড়িয়েছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে শতাধিক লোক নিহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনা মোতায়েন ও কারফিউ জারি করা হলেও জনতা রাজপথ থেকে সরে যায়নি। নিরাপত্তা বাহিনীও মারমুখী পদক্ষেপ নিয়ে বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয়নি। বিক্ষোভকারীরা সোমবার মিশরে সাধারণ ধর্মঘট পালন করছে। তারা মঙ্গলবার 'লাখো মানুষের প্রতিবাদ মিছিলের' আয়োজন করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১০০০ ঘ.