২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগে মোবারকের অস্বীকৃতি, বিক্ষোভ জোরদার

মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারক পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি দেশে রাজনৈতিক সহিংসতা এড়াতে জাতীয় সংলাপ আহ্বান করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2011, 11:59 AM

Updated : 24 Aug 2022, 02:25 PM

কায়রো, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারক পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি দেশে রাজনৈতিক সহিংসতা এড়াতে জাতীয় সংলাপ আহ্বান করেছেন। প্রবল গণবিক্ষোভের মুখে প্রেসিডেন্ট মোবারক ইতিমধ্যেই মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন। তবে মোবারকের পদত্যাগের দাবিতে অনড় বিক্ষোভকারীরা রাজপথে বিক্ষোভ অব্যাহত রেখেছে। মোবারক ৩০ বছর ধরে ক্ষমতায় রয়েছেন। তিনি পদত্যাগ করবেন না বলে পরিস্কার বলে দিয়েছেন। বিক্ষোভ দমনে তিনি আরো সৈন্য ও ট্যাঙ্ক নামানোর নির্দেশ দিয়েছেন। এর আগে পুলিশকে সহায়তা করতে শুক্রবার কায়রোয় সেনা মোতায়েন করা হয়। শনিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মোবারক মন্ত্রিসভা ভেঙে দেওয়ার ঘোষণা দেন। নতুন মন্ত্রিসভা শিগগিরই গঠন করা হবে বলে তিনি জানান। গত মঙ্গলবার গণবিক্ষোভ শুরু হওয়ার পর প্রেসিডেন্ট মোবারক এই প্রথম জাতির উদ্দেশে ভাষণ দিলেন। এদিকে, মিশরের গণতান্ত্রিক আন্দোলনের নেতা ও নোবেল শান্তি পুরস্কার জয়ী মোহাম্মদ এল বারাদিকে কায়রোয় গৃহবন্দি করা হয়েছে বলে সিএনএন'কে জানিয়েছেন উচ্চপর্যায়ের একজন নিরাপত্তা কর্মকর্তা। এর আগে বারাদি গণবিক্ষোভের প্রতি সমর্থন জানিয়ে রাজপথে নামতে গেলে পুলিশ বাধা দেয়। বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ২৭ জন নিহত হয়েছে বলে বিবিসি জানায়। আহত হয়েছে শত শত লোক। মিশরের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে কায়রো, সুয়েজ ও আলেকজান্দ্রিয়া শহরে সান্ধ্য আইন জারি করা হয়েছে। তিউনিসিয়ার গণবিক্ষোভে অনুপ্রাণিত হয়ে প্রেসিডেন্ট মোবারকের পদত্যাগের দাবিতে তার বিরোধীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও টুইটারে সংগঠিত হয়ে গত মঙ্গলবার থেকে দেশে বিক্ষোভ শুরু করে। শুক্রবার সুয়েজ, আলেকজান্দ্রিয়া, ইসমাইলিয়াসহ বড় শহরগুলোতে গণবিক্ষোভ ব্যাপক আকার ধারণ করে। বিক্ষোভকারীদের ঠেকাকে পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। অন্তত এক হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। 'তীব্র আন্দোলনের শুক্রবার' ঘোষণা দিয়ে বিক্ষোভে নামে জনতা। "সরে যাও, সরে যাও, হোসনি মোবারক', বলে স্লোগান দেয় তারা। সুয়েজ নগরীর কেন্দ্রস্থলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। মানসুরা, আসওয়ান, মিনিয়া, আসুইত এবং সিনা উপদ্বীপের আল আরিশ-এ বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। বিক্ষোভকারীরা কায়রোয় ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সদরদপ্তর ও অন্যান্য শহরে শাখা কার্যালয়গুলোতে আগুন ধরিয়ে দেয়। বিক্ষোভ প্রবল হচ্ছে দেখে সরকার ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে। ওদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মিশরের রাজনৈতিক সংকট নিয়ে প্রেসিডেন্ট হোসনি মোবারকের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। বিক্ষোভ নিয়ন্ত্রণে সহিংসতার আশ্রয় না নেওয়ার জন্য তিনি মোবারকের প্রতি আহ্বান জানান। দেশটিতে রাজনৈতিক সংস্কারের জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার জন্যও তিনি মোবারকের প্রতি আহ্বান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১৭৫৩ ঘ.