কান্দাহার, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারের ডেপুটি গভর্নর আত্মঘাতী মোটরসাইকেল বোমায় নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্ততপক্ষে ৫ জন।
শনিবার এ হামলার ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানান।
নিজ বাসভবন থেকে বেরুনোর পর কর্মস্থলে যাওয়ার পথে কান্দাহারের ডেপুটি গভর্নর আবদুল লতিফ আশনা বোমা হামলার শিকান হন। গভর্নরের মুখপাত্র জালমে আইয়ুবি এ তথ্য জানান। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।
কান্দাহারে নিযুক্ত ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগী বাহিনী (আইএসএএফ)-এর এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, আশনা আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন। নামপ্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বিস্তারিত আর কিছু জানায়নি।
ঠিক একদিন আগেই আফগানিস্তানের রাজধানী কাবুলে কূটনৈতিক পাড়া সংলগ্ন একটি বিপণীবিতানে আত্মঘাতী হামলা চালায় তালেবান জঙ্গিরা। এতে তিন বিদেশি নারীসহ আট জন নিহত ও অপর ছয় জন আহত হয়। এ হামলার দায়ও স্বীকার করেছে তালেবান।
২০০১ সালে ক্ষমতাসীন তালেবান সরকারকে উৎখাত করতে আফগানিস্তানে অভিযান চালায় যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনী।
ওই সময় থেকে বর্তমান সময়েই দেশটিতে সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩০০ ঘ.
bdnews24