সানা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- এবার ইয়েমেনে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার রাজধানী সানায় বিক্ষোভে নেমেছে হাজার হাজার মানুষ।
বিবিসি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ এর ৩০ বছরেরও বেশি সময়ের শাসনাবসানের দাবিতে সানার বিশ্ববিদ্যালয়সহ অন্তত ৪টি স্থানে জড়ো হয় বিক্ষোভকারীরা।
তারা সরকার-বিরোধী স্লোগান দিয়ে তিউনিসিয়ার মতো প্রেসিডেন্টের পতন দাবি করে। বিক্ষোভকারীদের সংখ্যা প্রায় ১৬ হাজার বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
সরকার পরিবর্তনের পাশাপাশি জীবনযাত্রামান উন্নত করার দাবি জানায় বিক্ষোভকারীরা। দাবি না মেটা পর্যন্ত তারা আন্দোলন চলিয়ে যাওয়ার শপথ নিয়েছে।
বিক্ষোভের আয়োজকরা ছাত্র ও জনসাধারণকে সরকারের দুর্নীতি এবং অর্থনৈতিক নীতির বিরুদ্ধে বিক্ষোভ করার আহ্বান জানিয়েছে।
বিক্ষোভকারী আইয়ুব হাসানের উক্তি, "ক্ষমতাসীন দল আমাদের দাবিতে সাড়া না দিলে আমরা প্রেসিডেন্টের পতন না হওয়া পর্যন্ত জোর আন্দোলন চালিয়ে যাবো। ঠিক যেমনটি ঘটেছে তিউনিসিয়ায়।"
দেশে ক্রমবর্ধমান দারিদ্র আর রাজনৈতিক স্বাধীনতার অভাবে ইয়েমেনিরা হতাশাগ্রস্ত।
ইয়েমেনে জনসংখ্যার ৪০ শতাংশেরই দৈনিক আয় ২ ডলারের কম।
তাছাড়া, দক্ষিণে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আর উত্তরে শিয়া হুদি বিদ্রোহীদের উত্থানের কারণে ইয়েমেনের নিরাপত্তাও হুমকির মুখে।
ইয়েমেন ক্রমেই আল কায়েদার আখড়া হয়ে উঠছে বলে আশঙ্কা বাড়ছে।
বেকারের সংখ্যা বেশি হওয়ায় বেকার যুবকরা জঙ্গি দলে যোগ দেওয়ার সমূহ সম্ভাবনার কারণেই এ আশঙ্কা।
ইয়েমেনে বৃহস্পতিবারের গণবিক্ষোভ হওয়ার আগে বেশ কয়েকটি ছোট খাটো বিক্ষোভ হয়েছে।
গত শনিবার সানা বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ করে শ শ ছাত্র। ইয়েমেন কর্তৃপক্ষ দেশের বিশিষ্ট একজন মানবাধিকার কর্মী তাওয়াকুল কারমানকে গ্রেপ্তারও করে। এ ঘটনাকে কেন্দ্র করে সানায় বিক্ষোভ আরো ছড়িয়ে পড়ে।
পরে সোমবার তাওয়াকুল ছাড়া পাওয়ার পর সিএনএন কে জানান, তিউনিসিয়ার জেসমিন বিপ্লবের অনুপ্রেরণায় তার দেশেও বিপ্লব চলছে।
তিউনিসিয়ার গণবিক্ষোভের মুখে অবসান ঘটেছে প্রেসিডেন্ট বেন আলির ২৩ বছরের শাসনের। এর প্রভাবে অস্থিরতা ছড়িয়ে পড়ে আলজেরিয়া এবং মিসরেও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬
bdnews24