ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাশিয়ার উত্তর ককেশাসের দাগেস্তানে এক গাড়িবোমা বিস্ফোরণে অন্ততপক্ষে চারজন নিহত হয়েছে। এদের মধ্যে তিনজন ঘটনাস্থলে এবং অপর একজন হাসপাতালে নেওয়ার পর মারা যায়।
পুলিশ জানায়, কাসাভিয়ার্ত শহরের একটি ক্যাফের সামনে বুধবার এই বিস্ফোরণ ঘটে। এতে অপর তিন ব্যক্তি আহত হয়েছে।
পুলিশের মুখপাত্র মাগোমেত তাগিরফ বলেন, কাসাভিয়ার্তের ওই বিস্ফোরণটি যখন ঘটে তখন নিহতদের সবাই একটি কারাভাঁন ক্যাফের ভেতরে অবস্থান করছিল।
দ্য রিয়া নভোস্তি সংবাদ সংস্থা এক চিকিৎসা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায়, চতুর্থ এক ব্যক্তি অস্ত্রোপচারের সময় মারা যান।
ইসলামি বিচ্ছিন্নতাবাদীরা অনেক বছর ধরে মস্কোর মদদপুষ্ট দাগেস্তানের কর্তৃপক্ষের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে।
বিবিসিসূত্রে জানা গেছে, বিস্ফোরণের পরপরই নিরাপত্তা বাহিনীর তদন্তদল ঘটনাস্থলে পৌঁছে তাদের কাজ শুরু করেছে।
চলতি সপ্তায় সোমবার মস্কোর দোমোদেদোভো বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩৫ জন নিহত ও একশ' ৩০ জনের বেশি আহত হয়। উত্তর ককেশাসের ইসলামি বিচ্ছিন্নতাবাদী জঙ্গিরা এ হামলা চালায় বলে ধারণা করছে কর্তৃপক্ষ।
বিমানবন্দরের আন্তর্জাতিক অবতরণকেন্দ্রে বোমাটি বিস্ফোরণ ঘটে। তবে এ হামলার দায় এখনো পর্যন্ত কেউ স্বীকার করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৫৮ ঘ.
bdnews24