২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে ফিরেছেন 'নেতৃত্বে প্রস্তুত' এল বারাদি

মিশরে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দেশটির বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে। এ অবস্থায় দেশে ফিরেছেন আন্দোলনে 'নেতৃত্ব দিতে প্রস্তুত' এল বারাদি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2011, 06:03 AM

Updated : 24 Aug 2022, 02:24 PM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিশরে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দেশটির বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে। এ অবস্থায় দেশে ফিরেছেন আন্দোলনে 'নেতৃত্ব দিতে প্রস্তুত' এল বারাদি। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সাবেক প্রধান ও মিশরের বিরোধী নেতা বারাদির দেশে ফেরার খবর বিবিস প্রকাশ করে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত পৌনে ১২টার পর। বৃহস্পতিবারই রাত পৌনে ৯টায় বিবিসি'র এক খবরে বলা হয়, কায়রোর উদ্দেশ্যে যাত্রা করার আগ মুহূর্তে ভিয়েনা বিমানবন্দরে সাংবাদিকদের বারাদি বলেন, মিশরের রাজনৈতিক পরিবর্তন আসন্ন এবং জনগণ চাইলে তিনি এই পরিবর্তনে নেতৃত্ব দিতে প্রস্তুত রয়েছেন। শান্তিতে নোবেলজয়ী বারাদি বলেন, "জনগণ আমার নেতৃত্ব চাইলে আমি তাদের নিরাশ করবো না।" মিশর সরকার বিক্ষোভ থামাতে সহিংস আচরণ করলে সহিংসতা আরো বাড়বে বলে সতর্ক করেন তিনি। বারাদি বলেন, "সরকারের উদ্দেশে আমি আবারো বলছি, জনগণের কথা শোনাটাই তাদের জন্য মঙ্গলজনক। এবং এখনই তা শোনা উচিত। সরকারকে শক্তি প্রয়োগ করা থেকে বিরত থাকতে হবে। তাদের বুঝতে হবে যে- পরিবর্তন আসন্ন। এর কোনো বিকল্প নেই।" প্রেসিডেন্ট হোসনি মুবারকের ৩০ বছরের শাসনের অবসানের দাবিতে বৃহস্পতিবার টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করে হাজার হাজার কায়রোবাসী। কায়রো ও সুয়েজ শহরের পর শিল্পনগরী ইসমালিয়াতেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে এদিন। সিনাই এলাকায় গুলিতে এক বিক্ষোভকারীর মৃত্যুতে তিন দিনের বিক্ষোভ-সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে সাতে দাঁড়িয়েছে। বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করে ব্যাপক ধরপাকড় চালিয়েছে মিশরীয় কর্তৃপক্ষ। এ পর্যন্ত অন্তত এক হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে মিশরের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। সরকারবিরোধী বিক্ষোভের দ্বিতীয় দিন বুধবার সব রকম বিক্ষোভ-আন্দোলন নিষিদ্ধ ঘোষণা করে মিশর সরকার। বিক্ষোভ মিছিলে যোগ দিলেই পাকড়াও করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য মিসর সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে বিক্ষোভকারীরা জানায়, সরকারের পতন না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবে। গণ-অভ্যুত্থানের মুখে মধ্যপ্রাচ্য-সংলগ্ন আফ্রিকার দেশ তিউনিসিয়ায় গত ১৫ জানুয়ারি সরকার পতন হয়। এরপর মিশরেও আন্দোলনের সূত্রপাত হয়। আন্দোলনের শুরু হয় ফেসবুক পৃষ্ঠায় মানুষের সংগঠিত হওয়ার মধ্য দিয়ে। ১৯৮১ সাল থেকে মিশরের প্রেসিডেন্টের ক্ষমতা ধরে থাকা হোসনি মুবারককে উৎখাৎ চাইছে মিশরবাসী। ফেসবুক পৃষ্টায় সমর্থন জানানো হাজার হাজার মানুষ রাজপথে নামে বিক্ষোভে। তারা "তিউনিসিয়াই সমাধান" লেখা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করে। এ ঘটনার পর থেকে মিসরে ফেইসবুক ও টুইটারে প্রবেশ করা যাচ্ছে না। মিশরের সরকার বলেছে, তারা ওয়েবসাইটগুলো বন্ধ করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/পিডি/০১২৭ ঘ.