ইয়ালা, থাইল্যান্ড, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় ইয়ালা প্রদেশে মঙ্গলবার রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে ৯ বেসামরিক নাগরিক নিহত ও ২ জন আহত হয়েছে।
বিচ্ছিন্নতাবাদীরা রাস্তার পাশে বোমা পেতে রেখেছে বলে দাবি করছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, বৌদ্ধ ভিক্ষুদের একটি দল বন্য কবুতরের খোঁজে ট্রাকে করে বের হলে রাস্তার পাশে পুতে রাখা বোমাটির বিস্ফোরণ ঘটে। বোমা বিস্ফোরণের ঘটনা রিমোট নিয়ন্ত্রত বলেও ধারণা করছে পুলিশ।
ওই অঞ্চলে এক সপ্তাহের মধ্যে রক্তপাতের দ্বিতীয় ঘটনা এটি। গত বুধবার নারাথিওয়াতের একটি সেনা ঘাঁটিতে বিদ্রোহীরা গ্রেনেড ছুড়ে সশস্ত্র হামলা চালালে অন্তত পাঁচ জন মারা যায়।
২০০৪ সালের জানুয়ারি থেকে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী মালয় জাতিগোষ্ঠীর সশস্ত্র সদস্যদের হামলায় অন্তত ৪ হাজার ৩ শ' মানুষের মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২০৫০ ঘ.
bdnews24