গ্রোজনি, রাশিয়া, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাশিয়ার মুসলমান প্রধান রাজ্য চেচনিয়ার ধর্মীয় নেতারা আদেশ দিয়েছেন, বিয়ে করতে চায় এমন সব জুটিদের প্রমাণ করতে হবে তাদের দেহে এইডস রোগের জীবাণু এইচআইভি নেই, অন্যথায় তারা বিয়ে করতে পারবে না।
ঘোষিত এই আদেশে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে স্থানীয় অধিবাসী ও অধিকার কর্মীরা। তারা বলছেন এ আদেশ রাশিয়ার আইনের লঙ্ঘন।
মস্কোর সঙ্গে চেচেন বিচ্ছন্নতাবাদীদে দুটি যুদ্ধের দ্বিতীয়টিতে বিচ্ছন্নতাবাদীদের ক্ষমতা থেকে সরানোর এক দশক পর চেচনিয়ায় নাজুক পরিস্থিতি বিরাজ করছে।
এ অবস্থায় অঞ্চলটিতে ধর্মীয় নেতাদের প্রভাব বৃদ্ধি পাচ্ছে ও তারা ক্ষমতাবান হয়ে উঠছেন।
শীর্ষ বিশ্লেষকরা জানিয়েছেন, চেচনিয়া আবার স্বায়ত্বশাসনের দিকে এগিয়ে যাচ্ছে।
এই সপ্তাহে চেচেন মুফতির সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, "বিবাহ ইচ্ছুক যেকোন নর বা নারীকে তাদের রক্তে এইডসের জীবাণু এইচআইভি নেই এমন ডাক্তারি প্রমাণপত্র দেখাতে হবে।"
বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রীয় মুফতির প্রতিনিধিত্বকারী একজন ইমাম মেডিকেল প্রমাণপত্র পরীক্ষা করে বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত দেবে।
হেরোইনের নেশায় বুদ হয়ে যাওয়া রাশিয়ায় এইচআভি/এইডস সংক্রমণ মহামারী রূপ নেওয়ার পর্যায়ে আছে। জাতিসংঘ জানিয়েছে রাশিয়ায় কমপক্ষে ১০ লাখ মানুষ এইডসের ভাইরাসবাহী।
তবে চেচনিয়ায় এর প্রভাব এ পর্যন্ত তেমন পড়েনি।
এই আদেশ দেওয়ার আগে গত বছর মুফতি ও অন্যান্য ধর্মীয় নেতারা দাবী করেছিলেন রমজানের সময় চেচনিয়ায় খাবারের সব দোকান বন্ধ করে দিতে হবে।
এ সময় তারা সঙ্ঘবদ্ধ সশস্ত্র লোকজনকে মাথায় স্কার্ফবিহীন নারীদের হেনস্তা করার আদেশ দিয়েছিল।
মুফতির এই আদেশের কোন আইনি ভিত্তি নেই। কিন্তু তা সাধারণত মান্য করা হয়, কারণ, তিনি সম্মানিত ধর্মীয় নেতা এবং একইসঙ্গে চেচনিয়ার চরমপন্থী নেতা রমজান খাদিরভের মিত্র।
রাশিয়ার ক্ষমতার কেন্দ্র ক্রেমলিন উত্তর ককেশাসের গোলযোগপূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে খাদিরভের উপর নির্ভর করে।
রাশিয়ার সঙ্গে চেচেন বিদ্রোহীদের প্রথম যুদ্ধে খাদিরভ মস্কোর সঙ্গে যুদ্ধ করে। কিন্তু দ্বিতীয় যুদ্ধে পক্ষ ত্যাগ করে রাশিয়ার সাথে যোগ দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫৫৮ ঘ.
bdnews24