সিউল, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উত্তর কোরিয়া তার জাতীয় আয়ের প্রায় এক-তৃতীয়াংশ সেনাবাহিনীতে ব্যয় করছে। সেনাবাহিনীতে উত্তর কোরিয়া অর্থ ব্যয়ের যে হিসাব দিয়েছে এ অঙ্ক তার চেয়ে বেশি।
দক্ষিণ কোরিয়ার একটি গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান মঙ্গলবার একথা বলেছে।
অর্থনৈতিক দৈন্যদশার মধ্যেও সেনাবাহিনীকে শক্তিশালী করতে এই বিপুল অর্থব্যয় করছে উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়া জানিয়েছে, ২০০৯ সালে সেনাবাহিনীতে ব্যয় হয়েছে ৫৭০ মিলিয়ন ডলার।
কিন্তু সামরিক সাজসরঞ্জাম কেনার তুলনামূলক ব্যয়ের ভিত্তিতে বিনিময় হারের হিসাবে আসলে উত্তর কোরিয়া খরচ করেছে ৮ দশমিক ৭৭ বিলিয়ন ডলার।
রাষ্ট্রপরিচালিত কোরিয়া ইন্সটিটিউট অব ডিফেন্স এনালাইসিস (কেআইডিএ) এক প্রতিবেদনে একথা জানিয়েছে।
উত্তর কোরিয়ার মোট জাতীয় আয় ২০০৯ সালে দাঁড়িয়েছে ২৮ দশমিক ৬ ট্রিলিয়ন ওন (২৫ বিলিয়ন ডলার)। আর অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার জাতীয় আয় ছিলো ১ হাজার ৬৮ ট্রিলিয়ন ওন (৯৫৮ বিলিয়ন ডলার)।
অর্থনৈতিক ক্ষেত্রে চরম মূল্য দিয়ে হলেও সেনাবাহিনীকে প্রথমেই প্রাধান্য দেওয়াই উত্তর কোরিয়ার নেতা কিম জং ইলের নীতি।
কেআইডিএ জানিয়েছে, ১৯৯০ সালে চরম অর্থনৈতিক সঙ্কট এবং ২০০০ সালের মাঝামাঝিতে নেতিবাচক প্রবৃদ্ধি সত্ত্বেও উত্তর কোরিয়া সামরিক ব্যয় বাড়িয়েছে।
উত্তর কোরিয়া তাদের সামরিক ব্যয়ের যে হিসাব দিয়েছে তার চেয়ে তাদের আসল সামরিক ব্যয় ১৩ থেকে ১৫ গুণ বেশি।
কেআইডিএ জানায়, উত্তর কোরিয়ার প্রকাশিত তথ্যানুযায়ী, সামরিক ব্যয় ২০০৯ সালে ছিলো ৫৭০ মিলিয়ন ডলার, ২০০৮ সালে তা ছিলো ৫৪০ মিলিয়ন ডলার, ২০০৭ সালে ৫১০ মিলিয়ন ডলার এবং ২০০৬ সালে ৪৭০ মিলিয়ন ডলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮০৮ ঘ.
bdnews24