তিকরিত, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলীয় শহর তিকরিতে একটি পুলিশ নিয়োগ কেন্দ্রে মঙ্গলবার আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪২ জন নিহত এবং ১শ জন আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ইরাকের সাবেক শাসক সাদ্দাম হোসেনের জন্মশহর তিকরিতে পুলিশ বাহিনীতে যোগ দিতে আসা ইরাকিদের ওপর সকালের দিকে এ হামলা হয়।
পুলিশ জানায়, তিকরিতের মূল শহরের অদূরে একটি থানা ও পার্কের কাছে পুলিশ বাহিনীতে যোগ দিতে আসা সাধারণ ইরাকিদের ওপর এ হামলা চালানো হয়।
পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, হামলার সময় লাইনে দাঁড়িয়ে ছিলো ৩ শরও বেশি মানুষ।
আল কায়েদাই এ হামলা চালিয়েছে বলে ধারণা প্রকাশ করেন সালাহুদ্দিন প্রদেশের ডেপুটি গভর্নর আহমেদ আব্দুল জব্বার।
পুলিশ জানায়, আহত আর নিহতদের ভিড়ে হাসপাতাল পরিপূর্ণ। এম্বুলেন্সে করে এখনো হতাহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে।
বহু মানুষ হতাহত হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এলকিউ/১৭১১ ঘ.
bdnews24