পোর্ট-অ-প্রিন্স, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- 'বেবি ডক' নামে পরিচিত হাইতির নির্বাসিত সাবেক একনায়ক জ্যঁ ক্লদ দ্যুভালিয়ার আকস্মিকভাবে রোববার নিজ দেশ হাইতিতে ফিরে এসেছেন। দেশে ফিরে তিনি বলেন, ভূমিকম্প বিধ্বস্ত হাইতির পুনর্গঠনে তিনি সাহায্য করতে চান।
১৯৮৬ সালে প্রবল গণঅভ্যুত্থান ও যুক্তরাষ্ট্রের চাপে তিনি হাইতি ছেড়ে যেতে বাধ্য হন।
গণঅভ্যুত্থানের আগ পর্যন্ত দ্যুভালিয়ার ছিলেন হাইতির প্রবল প্রতাপশালী একনায়ক। ১৯৭১ সালে পিতার মৃত্যুর পর মাত্র ১৯ বছর বয়সে তিনি হাইতির ক্ষমতায় অধিষ্ঠিত হন। তিনি ছিলেন বিশ্বের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপ্রধান।
নীল রংয়ের স্যুট ও টাই পরে বর্তমান ফরাসি স্ত্রী ভেরনিক রয় কে সাথে নিয়ে তিনি এয়ার ফ্রান্সের একটি ফ্লাইটে পোর্ট-অ-প্রিন্স বিমানবন্দরে এসে নামেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
১৯৮৬ সালের পর এই প্রথম তিনি দেশে ফিরলেন।
ফিরে তিনি বলেন, "এই মুহূর্তটির জন্য আমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করে ছিলাম। মাটিতে আমার পা স্পর্শ করার সাথে সঙ্গে সঙ্গে আমি খুব উল্লসিত হয়ে উঠেছিলাম।"
সোমবার তিনি এক সংবাদ সম্মেলনের আয়োজন করবেন বলে ধারণা করা হচ্ছে।
কূটনৈতিক পাসপোর্ট নিয়ে দেশে ফেরা দ্যুভালিয়ারকে স্বাগত জানাতে এয়ার পোর্টের বাইরে তার কয়েক হাজার সমর্থক জড়ো হয়েছিল যারা "দ্যুভালিয়ার দীর্ঘজীবি হোক" বলে স্লোগান দেয়।
তবে তার শাসনকালে নির্যাতনের শিকার হয়েছিলেন এমন অনেকেই এসময় তার ফিরে আসাকে ভালোভাবে নেয়নি এবং তার উদ্দেশ্যের ব্যাপারে তারা সন্দেহ প্রকাশ করেছেন।
তিনি এমন এক সময় ফিরে এলেন যখন পশ্চিম গোলার্ধের দরিদ্রতম রাষ্ট্র হাইতিতে প্রবল রাজনৈতিক অনিশ্চয়তা বিরাজ করছে।
দ্যুভালিয়ারের প্রত্যাবর্তনে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন এক ষড়যন্ত্রকারীর যুক্ত হল বলে অভিজ্ঞ মহলের অভিমত।
গত ২৮ নভেম্বরের প্রেসিডেন্ট ও আইন পরিষদ নির্বাচনের ঘোষিত প্রাথমিক ফলাফলে প্রতারণার অভিযোগে হাইতিতে রাস্তায় রাস্তায় সহিংস বিক্ষোভ শুরু হয়।
এর একবছর আগে ভয়াবহ এক ভূমিকম্পে ৩ লাখ মানুষের মৃত্যু হয়। অবকাঠামোগত মারাত্মক ক্ষতির সম্মুখীন হয় দেশটি যা এখনো কাটিয়ে ওঠার জন্য সংগ্রাম করছে হাইতি।
পাশপাশি নির্বাচনের আগে দেশজুড়ে কলেরা মহামারি ছড়িয়ে পড়ে। এতে প্রায় ২ হাজার মানুষের মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৩২ ঘ.
bdnews24