নয়াদিল্লি, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কাশ্মীরে ভারতবিরোধী আন্দোলন সহিংসতা নিরসনের চেষ্টায় ওই অঞ্চলের কয়েকটি জায়গায় সেনা কমানো এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরীদের অপরপারে প্রবেশাধিকার বাড়ানোর মতো উদার পদক্ষেপ নিচ্ছে ভারত।
গত বছর বিক্ষোভ-সহিংসতায় উত্তাল ছিলো কাশ্মীর। জুন থেকে শুরু হওয়া আন্দোলনে সেখানে সহিংসতায় প্রাণ হারায় ১ শরও বেশি মানুষ। ১৯৮৯ সালের পর কাশ্মীরে এটিই ছিলো সবচেয়ে বড় বিক্ষোভ।
পরে সঙ্কটের রাজনৈতিক সমাধানের সরকারি প্রতিশ্র"তিতে কাশ্মীরে অস্থিরতা কমেছে। কিন্তু ভারত বিশ্বাসযোগ্য কোনো পরিকল্পনা নিয়ে এগুতে না পারলে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠতে পারে।
জম্মু ও কাশ্মীরে শান্তি বজায় রাখতে সরকার কি কি পদক্ষেপ নিতে চলেছে সে সম্পর্কে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব জি কে পিল্লাই বলেছেন, রাজ্যের জনবহুল এলাকাগুলো থেকে ২৫ শতাংশ সেনা কমানো হবে।
যাতে স্থানীয় লোকজনদের সেনাবাহিনীর হাতে হয়রানি হতে না হয়। এটি সরকারের একটি আস্থাবর্ধক পদক্ষেপ বলে জানান তিনি।
এতে শান্তি ফিরে এলে, সহিংসতা বন্ধ হলে এবং মানুষজন স্বস্তি অনুভব করলে আমরা ধীরে ধীরে সেনা উপস্থিতি আরো কমিয়ে আনতে পারবো এবং সব সেনা তখন কেবল সীমান্ত এলাকায় জঙ্গি অনুপ্রবেশ ঠেকাতে মোতায়েন থাকবে বলে জানান পিল্লাই।
তিনি আরো জানান, ভারত সরকার পাকিস্তানি কাশ্মিরীদের ভারতীয় কাশ্মীরে আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করতে দেওয়ার জন্য ছয়মাসের 'মালটিপল এন্ট্রি পারমিট' দেওয়ার কথা বিবেচনা করছে। বর্তমানে তাদের কেবল ১৫ দিনের জন্য ভারতীয় কাশ্মীরে প্রবেশের অনুমতি আছে।
কিন্তু কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীরা পিল্লাইয়ের প্রস্তাব নাকচ করে দিয়ে কাশ্মীর থেকে ভারতীয় সেনা পুরোপুরি তুলে নেওয়ার দাবি জানাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২১৮ ঘ.
bdnews24