টোকিও, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রযটার্স)--- চীনের প্রযুক্তিগত অগ্রগতি যুক্তরাষ্ট্রের ক্ষমতার জন্য চ্যালেঞ্জ। তাই চীনের এ অগ্রগতির রাশ টেনে ধরতে প্রশান্ত মহাসাগর অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি অপরিহার্য। শুক্রবার এ মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস।
এ সপ্তাহে চীন সফর শেষে জাপানে গিয়ে এক বক্তব্যে গেটস বলেন, চীনের সামরিক বাহিনীতে প্রযুক্তিগত অগ্রগতি প্রশান্ত মহাসাগর অঞ্চলে মার্কিন বাহিনীর শক্তিমত্তায় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
তবে চীনকে অনতিক্রম্য কোনো প্রতিপক্ষ মনে করেন না জানিয়ে গেটস জাপানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পর্ক জোরদার করার গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, জাপানে আগামী দিনগুলোতে মার্কিন সেনাদের উপস্থিতি ছাড়া চীন তার প্রতিবেশী দেশটির কাছে আরো ক্ষমতা জাহির করার চেষ্টা নিতে পারে।
চীনের প্রেসিডেন্ট হু জিনতাওয়ের আসন্ন যুক্তরাষ্ট্র সফরের সময়টিতে গেটস এ মন্তব্য করলেন। এতে করে রাজনীতি ও অর্থনীতি নিয়ে ইতোমধ্যেই বিরোধে জড়ানো চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরো বাড়াবে বলেই মনে করা হচ্ছে।
১৯ জানুয়ারিতে যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার কথা রয়েছে জিনতাওয়ের।
তার সফরকালে প্রেসিডেন্ট বারাক ওবামা ইরান ও উত্তর কোরিয়ার মতো ভূরাজনৈতিক সমস্যা নিয়ে জিনতাওয়ের সঙ্গে আলোচনা করা ছাড়াও দু'দেশের মধ্যকার কন্টকাকীর্ণ বাণিজ্য ইস্যু নিয়েও আলোচনা করবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭২৬ ঘ.
bdnews24